‘প্রজেক্ট চিতা’র নতুন মাইলফলক, কুনো জাতীয় উদ্যানে চার শাবকের জন্ম

Published:

Project Cheetah

অনন্যা সরকার, কলকাতা: ভারতের ‘প্রজেক্ট চিতা’ (Project Cheetah) সম্প্রতি স্পর্শ করলো একটি নতুন মাইলফলক। বতসোয়ানা থেকে ভারতে আনা কেওএমজি ৩ (KOMG 3) নামের আড়াই বছর বয়সী একটি স্ত্রী চিতা মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চারটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব শুক্রবার এই তথ্যটি সমাজ মাধ্যমে শেয়ার করেন। এর সাথেই তিনি উল্লেখ করেন যে, বতসোয়ানা থেকে ভারতে আসা কোনো চিতার শাবক প্রসবের এটিই প্রথম ঘটনা।

চারটি নতুন চিতা শাবকের জন্ম হল কুনো জাতীয় উদ্যানে

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জানান, এই ঘটনাটি দেশের উচ্চাভিলাষী ‘প্রজেক্ট চিতা’ কর্মসূচির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারতে চিতার সংখ্যা পুনরুদ্ধারের প্রচেষ্টায় এটি একটি অত্যন্ত ইতিবাচক ও গর্বের বিষয় বলে বর্ণনা করেছেন তিনি। মন্ত্রী বলেন যে, এইভাবে চিতাদের সংখ্যা বৃদ্ধি দেশ থেকে হারিয়ে যাওয়া এই প্রাণীগুলোর সংরক্ষণের এই দীর্ঘ যাত্রাকে ইতিবাচক ও প্রত্যাশাপূর্ণ করে তোলে। ২০২২ সালে চিতা পুনরুদ্ধার কর্মসূচি চালু হওয়ার পর, এটি বন্য পরিবেশে শাবক জন্মানোর দ্বিতীয় ঘটনা। ‘কেওএমজি ৩’ বন্য পরিবেশে চার মাসেরও বেশি সময় কাটানোর পর প্রাকৃতিক পরিবেশেই শাবক প্রসব করেছে।

এই চারটি শাবকের জন্মের পর ভারতে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। এর মধ্যে ৪৩টি ভারতের অভ্যন্তরেই জন্মগ্রহণ করেছে, যা দেশে এই প্রজাতির একটি জনস্থায়ী সংখ্যা প্রতিষ্ঠার লক্ষ্যের দিকে অগ্রগতির ইঙ্গিত দেয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনাটিকে রাজ্য তথা দেশের জন্য গর্বের বিষয় বলে অভিহিত করেছেন। 

আরও পড়ুন: বাঁকুড়ায় জলের তোড়ে বসে গেল জয়পণ্ডা নদীর ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন শতাধিক গ্রাম!

এই প্রজেক্টের ম্যানেজার থেকে শুরু করা পশুচিকিৎসক, বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং ফিল্ডে নেমে কাজ করা বন বিভাগের কর্মীদের অধ্যবসায়, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ভুয়সী প্রশংসা করেছেন ভূপেন্দ্র যাদব। তিনি বলেন, বন্যপ্রাণ সংরক্ষণ শুধু একটি প্রকল্পই নয়, এটি একটি দীর্ঘকালের যাত্রা, যার জন্য ধৈর্য, অধ্যবসায় এবং সম্মিলিত প্রচেষ্টা ভীষণভাবে দরকার। কুনো জাতীয় উদ্যানে চারটি নতুন শাবকের জন্ম ভারতের চিতা পুনরুদ্ধার কর্মসূচিতে নতুন আশা জাগিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চিতার জনসংখ্যা বৃদ্ধির জন্য শাবকদের বেঁচে থাকার হার, শিকারী প্রাণীর উপস্থিতি, আবাসস্থলের পরিবেশ ও মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ হবে।

google button