সৌভিক মুখার্জী, কলকাতা: আগের সরকারের আমলে একাদশ শ্রেণির পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্প বাবদ স্মার্টফোন (Smartphone) কেনার জন্য দেওয়া হতো ১০,০০০ টাকা। তবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প বন্ধের কথা ঘোষণা করেছেন এবং এই অর্থ স্কুলগুলির সার্বিক পরিকাঠামো উন্নয়নের কাজে লাগানো হবে বলেই জানানো হয়। তবে এবার ট্যাব কেনার টাকা অ্যাকাউন্টে দেওয়ার বদলে নতুন ট্যাব পড়ুয়াদের হাতে দেওয়ারই পরিকল্পনা নিল রাজ্য সরকার।
পড়ুয়াদের হাতে ট্যাব দেবে সরকার
পড়াশোনার সুবিধার্থে বিশেষ করে অনলাইন ক্লাসের জন্যই এই তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দেওয়া হতো ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা। তবে বৃহস্পতিবার বিকাশভবনে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন যে একাদশ শ্রেণির পড়ুয়াদের এবার নতুন ট্যাব কিনে সরাসরি হাতেই দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এই ট্যাবের সাহায্যে পড়ুয়ারা যেন ভালো করে পড়াশোনা করতে পারে, সেই জন্য ট্যাবের সফটওয়্যারে কিছু বিশেষত্ব থাকবে।
স্কুল শিক্ষামন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পরেই খুশির হাওয়া বইছে একাদশের পড়ুয়াদের মধ্যে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সম্প্রতি এই প্রকল্প বন্ধ করার কথা ঘোষণা করেন। তবে দীপক বর্মনের কথা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকেই সরাসরি ট্যাব পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। আসলে ২০২০ সালে করোনার সময় অনলাইন ক্লাসে জোর দেয় তৎকালীন সরকার। সেই কারণেই রাজ্যের পড়ুয়াদের মোবাইল ও ট্যাবলেট কিনে দেওয়ার জন্য চালু হয় তরুণের স্বপ্ন প্রকল্প।
আরও পড়ুন: আরামবাগে এবার দ্বিতীয় রামকৃষ্ণ সেতু, ৩৭৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র
এদিকে আগের সরকারের আমলে তরুণের স্বপ্ন প্রকল্পে বিভিন্ন দুর্নীতির অভিযোগও সামনে আসে। সেই কারণেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পড়ুয়াদের জন্য এই প্রকল্প বন্ধ করার দাবি তোলেন শিক্ষকদের একাংশ। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প বন্ধ করার ঘোষণা করলেও ফের স্কুল শিক্ষামন্ত্রী নতুন করে তা চালু হবে বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি পড়ুয়াদের ইউনিফর্ম নিয়েও করেন বড় ঘোষণা। তিনি জানান, এবার পড়ুয়াদের স্কুল পোশাকের জন্য যেসব রং স্কুলগুলিকে তাঁরা প্রস্তাব করেছেন, সেখানে সব ধরনের রং আছে। তবে চেক বা স্ট্রাইপ তাঁরা এবার রাখতে পারছেন না। কারণ, এই বছর পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কম সময় পাচ্ছেন তাঁরা।


