সিট বেল্ট না পরায় সেনা জওয়ানকে ট্র্যাফিক চালান, ‘শাস্তি’ পেলেন মোটর ভেহিকেল ইন্সপেক্টর

Published:

সহেলি মিত্র, কলকাতা: সিট বেল্ট না পরায় সেনা জওয়ানের চালান কেটেছিলেন একজন মহিলা মোটর ভেহিকেল ইন্সপেক্টর। এই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে। তবে আসামের (Assam) জোরহাট জেলার একজন মোটর ভেহিকেল ইন্সপেক্টর শামিম সুলতানার সঙ্গে যা ঘটল তাও সকলকে অবাক করে রেখে দিয়েছে। সিট বেল্ট না পরার অভিযোগে এক সেনা চালককে চালান দেওয়ার পর শামিম সুলতানাকে অনির্দিষ্টকালের জন্য তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা অভিযান চলাকালীন ওই সেনা জওয়ান (Indian Army Jawan) এবং শামিম সুলতানার উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এই ঘটনাটি বিতর্ক সৃষ্টি হয়েছে।

সিট বেল্ট না পরায় সেনা জওয়ানকে ট্র্যাফিক চালান!

এদিকে এই ঘটনায় জোরহাট জেলা প্রশাসন সেনা সদস্যদের অসুবিধা ও অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। কর্মকর্তারা বেসামরিক প্রশাসন ও প্রতিরক্ষা সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। গত ১৮ই নভেম্বর জোরহাট শহরের ব্যস্ত এটি রোডে আন্তঃরাজ্য বাস টার্মিনালের (আইএসবিটি) সামনে ঘটনাটি ঘটে। সড়ক নিরাপত্তা জোরদারকরণ অভিযানের অংশ হিসেবে পরিবহণ কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছিলেন।

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

কর্মকর্তাদের মতে, চালকটি লিচুবাড়ির জোরহাট মিলিটারি স্টেশনের ৪১ সাব-এরিয়ায় কর্মরত এবং সেনাবাহিনীর আরেকজন কনিষ্ঠ সদস্যের সঙ্গে সরকারি কাজে ভ্রমণ করছিলেন। পরিদর্শনকালে, চালক সিট বেল্ট পরেননি বলে অভিযোগ ওঠায় এমভিআই সামিম সুলতানা তাঁর বিরুদ্ধে একটি চালান ইস্যু করেন। জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় সাইকিয়া স্পষ্ট করেছেন যে, বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারার জন্য চালকের বিরুদ্ধে মামলা করা হয়নি। তিনি আরও বলেন, এই কারণে কোনো জরিমানাও আরোপ করা হয়নি।

আরও পড়ুন: ‘প্রভুকে খুশি রাখার জন্য এসব..’ বাংলাদেশের অবস্থার জন্য ভারতকে দায়ী করলেন তারেক!

সাইকিয়া ব্যাখ্যা করেছেন যে, সেনাবাহিনীর সদস্যরা অনুমোদিত সামরিক যানবাহন চালানোর জন্য সেনাবাহিনীর ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু এই ধরনের লাইসেন্স বেসামরিক যানবাহন চালানোর জন্য ব্যবহার করা যাবে না। এদিকে রাস্তার পাশে হওয়া কথোপকথনের ফুটেজ প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও তীব্র হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চালান দেওয়ার পর এমভিআই কর্মকর্তাদের সেনাবাহিনীর গাড়ির সামনে দাঁড়াতে বলেন এবং তাদের ছবি তোলেন।জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় সাইকিয়া বলেছেন, সেনা চালককে জিজ্ঞাসাবাদ করার সময় এমভিআই কিছুটা অভদ্র আচরণ করেছিলেন। তাই তাঁকে এক-দুই দিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই পদক্ষেপটি অস্থায়ী। এটিকে স্থায়ী বরখাস্ত বা পদচ্যুতি হিসেবে আখ্যায়িত করা উচিত নয়।

সেনার কাছে দুঃখ প্রকাশ করেছে প্রশাসন

জেলা প্রশাসন একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, গত ১৩ই নভেম্বর পার্শ্ববর্তী গোলাঘাট জেলায় একটি বড় দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর রাজ্য সরকার জেলাগুলিকে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। জোরহাটে এমনই এক নিয়মিত পরিদর্শনের সময়, একটি প্রতিরক্ষা যানকে ঘিরে একটি ঘটনা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে এবং ভুল বোঝাবুঝির জন্ম দেয় বলে জানা গেছে। সেনা জওয়ানদের কোনো অনিচ্ছাকৃত বিব্রতকর পরিস্থিতি বা অসুবিধার জন্য প্রশাসন দুঃখ প্রকাশ করেছে। প্রশাসন স্পষ্ট করেছে যে, সশস্ত্র বাহিনীর অনুভূতিতে আঘাত করা বা অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না।

google button