সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরেছেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। তবে এবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, টুলু নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। তবে রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র উপস্থিত না থাকায় সেই মামলা পিছিয়ে গেল কয়েকদিন।
টুলু মণ্ডলের মামলা পিছিয়ে গেল হাইকোর্টে
সুপ্রিম কোর্টের তরফ থেকে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ পেয়েই দেশে ফিরেছেন টুলু মণ্ডল। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমনটাই জানিয়েছিল সর্বোচ্চ আদালত। তবে তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয় টুলুকে। কিন্তু সময়সীমা শেষ হলেও যাতে তাঁকে গ্রেফতার না করা হয়, সেই দাবি জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাথর সম্রাট। তবে আজ রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল উপস্থিত না থাকায় আগামী ২৬ নভেম্বর এই মামলার শুনানি হবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে কিনা তাও জানতে চেয়েছেন তিনি।
যদিও টুলুর আইনজীবী আদালতে জানিয়েছিলেন, একটি লুকআউট নোটিশ জারি হয়েছে। তবে তা যদি হয়ে থাকে তাহলে টুলুকে জানানো প্রয়োজন বলেই দাবি জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানি হতে পারে। আসলে টুলু মণ্ডলের বিরুদ্ধে রাজস্ব তছরূপ থেকে শুরু করে ভুয়ো রশিদ তৈরির মতো বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। সেই কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন এক অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক। আগের সরকারের আমলে বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন তিনি। এমনকি তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকা এবং সোনা।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ১১টি, উত্তরবঙ্গে ৬টি রেল প্রকল্পের অনুমোদন, কোথায় কোথায়? দেখুন তালিকা
অভিযোগ প্রকাশ্যে আসার পরই দুবাইতে পালিয়ে গিয়েছিলেন টুলু মণ্ডল। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে ১৭ নভেম্বরের মধ্যে টুলুকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয় এবং তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ প্রদান করা হয়েছিল। সেই সূত্রে দেশে ফিরেছেন তিনি। এদিকে দেশে ফিরতেই শুক্রবার পুলিশ তাঁকে তলব করেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়নপুর এলাকায় ৫ কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় টুলু মণ্ডল জড়িত বলেই তলব করা হয়ে তাঁকে। শুক্রবার দুপুর দুটোয় ভবানীভবনে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর।










