অনন্যা সরকার, রাজস্থান: পরাজিতের আশ্রয়, বিপন্নের ভরসা – বাবা খাটু শ্যাম (Khatu Shyam Baba)। জীবনে নানা সংকটে লক্ষ লক্ষ মানুষ ছুটে যান রাজস্থানের সিকর জেলার খাটুতে। সবার মুখে থাকে জয়ধ্বনি – ‘হারে কা সহারা, বাবা শ্যাম হামারা’। বাবা খাটু শ্যাম শুধু ভক্তদের কাছে তাঁদের আরাধ্যই নন, তিনি নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তিও। মহাভারতের বীর যোদ্ধা বর্বরিকই হলেন ভক্তমুখে প্রচারিত খাটু শ্যাম বাবা। তিনি কার্তিক শুক্ল পক্ষের দেবউঠনী একাদশীতে জন্মগ্রহণ করেন। আজ, ২০ নভেম্বর এই শুভ তিথিতে তাই উৎসবমুখর হয়ে উঠেছে সিকর জেলায় খাটু শ্যাম বাবার মন্দির। ভক্তদের জন্য দিনভর বিশেষ পুজো, ভোগ ও ভজন-কীর্তনের আয়োজন করা হয়েছে।
খাটু শ্যাম বাবা আসলে কে?
ঐতিহ্যবাহী পৌরাণিক আখ্যান, মহাভারত ও স্কন্দ পুরাণ অনুসারে, বর্বরিক ছিলেন ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র। তাঁর মা মৌরবী বা অহল্যাবতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তিনটি অলৌকিক বাণ তাঁর হাতে তুলে দেন, যা দিয়ে যেকোনো যুদ্ধে জয়লাভ করা যায়। বর্বরিক পরে মায়ের কাছ থেকে এই তিনটি দিব্য বাণ লাভ করে, যা তাঁকে এই বিশ্ব সংসারে অপরাজেয় করে তুলেছিল। এই বীর ধনুর্ধর প্রতিজ্ঞা করেছিলেন যে, যেকোনো যুদ্ধে তিনি সর্বদা দুর্বল পক্ষের হয়ে লড়াই করবেন।
কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও বর্বরিক দুর্বল কৌরব পক্ষের হয়ে লড়াই করার প্রতিজ্ঞা করেন। স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন বর্বরিক এই যুদ্ধে অংশগ্রহণ করলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত হয়ে যাবে এবং অধর্মের জয় হবে। তাই তিনি এক ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিকের দক্ষতা পরীক্ষা নিয়েছিলেন। বর্বরিকের বাণগুলো একটি গাছের প্রতিটি পাতাকে লক্ষ্য করে নিক্ষিপ্ত হয়েছিল, এমনকি শ্রীকৃষ্ণের পায়ের নিচে থাকা পাতাটিও বাদ পড়েনি। পরীক্ষা শেষে ছদ্মবেশি শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে তাঁর মাথাটি দান হিসেবে চান এবং এক মুহূর্তও চিন্তা না করে নিজের মস্তক উৎসর্গ করে দেন তিনি শ্রীকৃষ্ণকে। আর এই কারণেই তিনি ‘শীষ কে দানী’ (যিনি নিজের মস্তক দান করেছেন) নামে পরিচিত। পুরো যুদ্ধ প্রত্যক্ষ করার পর তিনি বুঝতে পারেন যে, এই সবকিছুই ছিল শ্রীকৃষ্ণের এক দিব্য লীলা। শ্রীকৃষ্ণের আশীর্বাদে কলিযুগে তিনি ‘শ্যাম’ নামে পূজিত হন।
আরও পড়ুন: প্রয়াত যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১
জনশ্রুতি শোনা যায়, খাটু অঞ্চলের একটি স্থানে একটি গাভী প্রতিদিন দুধ নিঃসরণ করত, পরে সেই স্থানটি খনন করে বর্বরিকের মাথাটি পাওয়া যায়। ১০২৭ খ্রিস্টাব্দে রাজা রূপসিংহ চৌহান ও নর্মদা কানোয়ার সিকরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ১৭২০ সাল নাগাদ দেওয়ান অভয় সিংয়ের উদ্যোগে এই মন্দিরটির বড় করে সংস্কার করা হয়। চুন-সুরকি, মার্বেল পাথর ও টাইলস দিয়ে তৈরি এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রুপোয় মোরা অলঙ্করণ, জগমোহন বা সভা কক্ষে দেখা যায় নানা পৌরাণিক দৃশ্যের চিত্রকলা, আর মন্দিরের দরজাগুলো ফুলের নকশায় সাজানো, যা সামগ্রিকভাবে রাজস্থানের শিল্পরীতির প্রতিফলন ঘটায়। খাটু শ্যামবাবার মন্দিরে চত্বর ও তার আশেপাশে রয়েছে শ্যাম কুণ্ড, শ্যাম বাগিচা, এবং গোপীনাথ ও গৌরীশঙ্করের মন্দির।
আজ কার্তিক মাসের শুক্লা একাদশী তিথি। খাটু শ্যাম বাবার আবির্ভাব উৎসব উপলক্ষে মন্দিরে সাজো সাজো রব। বিশেষ পূজো ও ভোগের আয়োজনের পাশাপাশি রয়েছে ভক্তদের জন্য ভজন-কীর্তনের ব্যবস্থা। দু’দিনের মেলায় প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। উৎসব উপলক্ষে ১২টি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করেছে ভারতীয় রেল। সাধারণ দিনে মঙ্গলা, শৃঙ্গার, ভোগ, সন্ধ্যা ও শয়ন – পাঁচ আরতি হয়। শীতে মঙ্গলা আরতি ভোর ৫:৩০ টায় এবং শয়ন রাত ৯:০০ টায় এবং গ্রীষ্মকালে ভোর ৪:৩০-এ মঙ্গলারতি ও ১০:০০ টায় শয়ন হয়। আর প্রতিদিন ভোগ আরতি দুপুর ১২:৩০ টায়।
এছাড়াও, ফাল্গুন মাসে আয়োজিত ‘লখি মেলা’-র সময় হাজার হাজার ভক্ত ‘নিশান যাত্রা’য় অংশ নেন। তাঁরা রিঙ্গাস থেকে খাটু পর্যন্ত প্রায় ১৭ – ১৮ কিলোমিটার পথ পাড়ি দেন। বাবার কাছে মানত পূরণের পর বিশেষ ধর্মীয় পতাকা বা নিশান নিয়ে হয় এই পদযাত্রা। রাজস্থানের মারোয়ারি সম্প্রদায়ের হাত ধরে গড়ে ওঠা ভক্তির এই ঐতিহ্য আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন লক্ষ লক্ষ মানুষের পরম নিরাপদ আশ্রয়স্থল হলেন ‘বাবা শ্যাম’।










