পর্যটক ভিসায় ভারতে ঢুকে রেকি? ISI যোগ সন্দেহে চ্যাংড়াবান্ধায় আটক বাংলাদেশি

Published:

Bangladeshi ISI Suspect

প্রীতি পোদ্দার, কলকাতা: উত্তরবঙ্গের সীমান্তে ফের এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর যোগ সন্দেহে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে (Bangladeshi ISI Suspect)। শেষ পাওয়া আপডেট অনুযায়ী এইমুহুর্তে তাঁকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অভিযোগ, ধৃতের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থার। এবং তাঁর উত্তরবঙ্গে (ISI Spy in North Bengal) আসার মূল উদ্দেশ্যই ছিল দার্জিলিং-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং বায়ুসেনা ঘাঁটিগুলিতে রেকি করা।

গ্রেফতার বাংলাদেশি যুবক

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া আগাম সতর্কবার্তার ভিত্তিতে মহম্মদ সেলিম নামে এক বাংলাদেশি নাগরিকের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। যেহেতু তার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ছিল তাই তাকে প্রথমে অভিবাসন দফতরের আধিকারিকদের তরফে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করা সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য মেখলিগঞ্জ থানায় আটকে রাখা হয়েছে।

‘লুক আউট’ নোটিস দিয়ে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর তরফে সেলিমের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করা হয়েছিল। সেই নোটিসের ভিত্তিতেই চ্যাংড়াবান্ধায় তাকে আটক করা হয়। সূত্রের খবর, এ দিন ওই স্থলবন্দর দিয়ে তিন জন বাংলাদেশি নাগরিক একসঙ্গে নিজেদের দেশে ফিরছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে বাংলাদেশে ফেরার অনুমতি দেওয়া হলেও ‘লুক আউট’ নোটিস থাকায় সেলিমকে আটক করা হয়। সূত্রের দাবি, ধৃত সেলিম হোসেনের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের।

আরও পড়ুন: জুয়ার ঠেক ভেঙে গ্রেফতার রাণাঘাটের বিজেপি নেত্রী, ‘মদ্যপ’ প্রচারে ফুঁসে উঠলেন জগন্নাথ সরকার

উদ্ধার করা হয়েছে ভিজিটিং কার্ড

জানা গিয়েছে ধৃত সেলিমকে আরও জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ (NIA) ও আইবি (IB)-এর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, সেলিম পর্যটন কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যে সেখানে নজরদারি চালাচ্ছিলেন। গোয়েন্দাদের ধারণা তাকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর এই সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। ইতিমধ্যেই সেলিমের কাছ থেকে ‘মিঃ কালহোরো’ নামের এক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

কে এই মিঃ কালহোরো?

উদ্ধার করা ভিজিটিং কার্ড প্রসঙ্গে একাধিক প্রশ্ন ও জেরা করা হলে সেলিম নিজের মুখে জানান যে, ঢাকায় পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত অনিল আসগর কালহোরো নামে এক আধিকারিকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাঁরই ভিজিটিং কার্ড এটি। এরপরই ওই ব্যক্তির সম্পর্কে নানা খোঁজ চালানো হয়। গোয়েন্দা সূত্রের খবর, ওই আসগর আইএসআইয়ের এক জন মেজর পদমর্যাদার অফিসার। তিনি ঢাকা হাই কমিশনে বিশেষ সাংস্কৃতিক আধিকারিক হিসেবে রয়েছেন।

চ্যাংরাবান্ধার এই ঘটনার আগে প্রায় দু’মাস আগে আইএসআই চর সন্দেহে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । ধৃতদের নাম সইফুল হক, নুর নাসিরুদ্দিন মিয়া, মিঠু রহমান এবং রশিদুল হক। এরই মধ্যে পুনরায় আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। বিশেষ করে বিদেশি নাগরিকদের গতিবিধি এবং সন্দেহজনক যোগাযোগের উপর নজরদারি বাড়ানো হচ্ছে বলে খবর।

google button