প্রীতি পোদ্দার, কলকাতা: বদলের বাংলায় তোলাবাজি নিয়ে একের পর এক অভিযোগ উঠেই চলেছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতারের মুখে পড়লেন রানাঘাটের বিজেপি নেত্রী (BJP Leader) পিয়ালী বিশ্বাস। আর সেই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তবে এত বিতর্কের (Ranaghat Gambling Raid Controversy) মাঝেও সমাজমাধ্যমে পোস্ট করে নেত্রীর পাশে দাঁড়িয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে তাঁকে।
তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি
তোলাবাজির ঘটনাকে ঘিরে অভিযোগকারী দাবি করেছিলেন যে, “ফোনের মাধ্যমে রানাঘাটের একাধিক ব্যবসায়ীর কাছে বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস টাকা দাবি করেছিলেন। দাবিমতো টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছিল। এমনকি অভিযোগকারীদের আরও দাবি ছিল যে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ঘটনাস্থলে চড়াও হন পিয়ালী। এর পর বিনা প্ররোচনায় ভাঙচুর শুরু করলে উত্তেজনা তৈরি হয় এবং পিয়ালী বিশ্বাসের সঙ্গী ও সমর্থকেরা স্থানীয়দের উপর চড়াও হন। দু’পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হন।
গ্রেফতার বিজেপি নেত্রী
তোলাবাজি প্রসঙ্গে অভিযুক্ত নেত্রী সাংবাদিকদের সামনে পাল্টা দাবি ছিল যে, ”অভিযোগকারীরা ব্যবসায়ী ছিল না। সেখানে জুয়ার আসর বসে।” গতকাল, তৃণমূল নেতা আনন্দ দে-র সেই জুয়ার আসরে ভাঙচুর চালানোর জন্য তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হয়। এদিকে মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাল্টা সরব হয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, তোলাবাজির ‘মিথ্যা ভাষ্য’ ছড়ানো হচ্ছে। সাংসদের বক্তব্য, অভিযুক্ত নেত্রীর ফেসবুক লাইভ ভিডিওতেই স্পষ্ট, সরকার বদলের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে জুয়া ও সাট্টার ঠেক বন্ধ করতেই তাঁরা সেখানে গিয়েছিলেন।
আরও পড়ুন: সপ্তমে ‘অরুণ’, অষ্টমে ‘কিরণ’, পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত বই আনল শিক্ষা দফতর
পাশে দাঁড়ালেন সাংসদ জগন্নাথ সরকার
সাংসদ জগন্নাথ সরকার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন যে, “ ‘রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস গ্রেফতার এবং অভিযোগ তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির!’ – এমন সব হেডলাইন সংবাদ মাধ্যম ছড়াচ্ছে এবং বাম তৃণমূল দারুন একটা মিথ্যা ন্যারেটিভ ছড়াতে আদা জল খেয়ে মাঠে নেমেছে। আর যারা এগুলো দেখে নাচানাচি করছেন তাদের সপাটে একটা ধাপ্পড় দেওয়ার একমাত্র উত্তর হলো পিয়ালী বিশ্বাসের গতকাল রাতের ফেসবুকে লাইভ ভিডিও।
জগন্নাথ সরকারের দাবি, ভিডিওতে বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসকে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটি জায়গায় রমরমিয়ে জুয়ার ঠেক চলছিল এবং সেখানে পিয়ালী সহ বেশ কিছুজন হানা দেয় এবং বলে যে সরকার পাল্টেছে তাই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ যে জুয়া বা সাট্টার ঠেক চলবেনা, সে একবার ও মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজি করেনি। আর যদি ভিডিও টি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ওই অসাধু সমাজ বিরোধী জুয়ার বোর্ড চালানোর লোকগুলো স্থানীয় মহিলা ডেকে এদের উপরেই আক্রমণ করেছিলো। সুতরাং আমি সাফ বলে দিচ্ছি যত বড় জুয়ারু হুনুই থাকুক এর পিছনে, তাকে এই মিথ্যা মামলার বিরুদ্ধে গ্রেফতারির জবাব দিতে হবে এবং ফলাফল ও পেতে হবে।”










