৪৭ হাজার কিমি বেগে পৃথিবীর গা ঘেঁষে যাবে পাঁচটি বিশালাকার গ্রহাণু! সতর্ক মহাকাশ বিজ্ঞানীরা

Published:

Asteroids near Earth

অনন্যা সরকার, কলকাতা: পরপর দু’দিন মহাকাশে টানটান উত্তেজনা। বিজ্ঞানীদের চোখ নিবদ্ধ মহাকাশ সংস্থাগুলির রাডারে। একই সাথে বেশ কয়েকটি মহাজাগতিক গ্রহাণুর (Asteroid) গতিবিধি রেকর্ড করা হচ্ছে। দ্রুত গতিতে পৃথিবীর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে পাঁচটি গ্রহাণু। এই মহাজাগতিক ঘটনাগুলি ১৯ ও ২০ নভেম্বর ধরে ঘটার কথা, যা সারা বিশ্বজুড়ে বিজ্ঞানীমহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই গ্রহাণুগুলোর মধ্যে একটির গতি ঘণ্টায় ৩২,০০০ কিলোমিটার। এই গ্রহাণুগুলোর উচ্চ গতি ও পরপর আসার কারণে নাসার (NASA) প্ল্যানেটারি ডিফেন্স নেটওয়ার্ক সম্পূর্ণ সক্রিয় রয়েছে এবং প্রতি মুহূর্তে তথ্য সংগ্রহ করে চলেছে।

পৃথিবীর খুব কাছ দিয়ে যাচ্ছে পাঁচটি গ্রহাণু 

শনাক্ত করা এই পাঁচ গ্রহাণুগুলো হল – ২০২৬ ভিএ১১ (2026 VA11), ২০২৬ ভিডি৬ (2026 VD6), ২০২৬ টিবি৮৪ (2026 TB84), ২০১৮ এনই১ (2018 NE1) এবং ২০০৭ ডব্লিউকে৩ (2007 WK3)। এগুলো থেকে কোনো সংঘর্ষের ঝুঁকি আছে কি না, তা সঠিকভাবে নির্ণয় করতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত এদের কক্ষপথ পর্যবেক্ষণ করছেন।

১৯ নভেম্বর, ‘২০২৬ ভিএ১১’ গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসেছে, এটি পৃথিবী থেকে প্রায় ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে, যা পৃথিবী ও চাঁদের গড় দূরত্বের প্রায় ৮.৭২ গুণ। ১০ থেকে ২২ মিটার ব্যাসের এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে ৮.৯ কিলোমিটার গতিতে, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৩২,০৪০ কিলোমিটার গতিতে ছুটে চলেছে।

আরও পড়ুন: ভারতের সোনায় ‘চীনা ধাতুর গুঁড়ো’? পরীক্ষা করেও ধরা পড়ছে না খাদ!

ওইদিনই, ‘২০২৬ টিবি৮৪’ গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূর দিয়ে গেছে। ৫০ থেকে ১১০ মিটার ব্যাসের এই বড় গ্রহাণুটি ‘প্ল্যানেটারি ডিফেন্স’ বা গ্রহ সুরক্ষাসংক্রান্ত গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গতিপথ ও গঠন বিশ্লেষণ করলে পৃথিবীর কাছাকাছি থাকা বস্তুগুলোর (Near Earth Object) আচরণ সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যায়।

১৯ নভেম্বর, ‘২০১৮ এনই১’ গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। ৫০ থেকে ১২০ মিটার ব্যাসের এই গ্রহাণুটি পাঁচটির মধ্যে সবচেয়ে দ্রুতগামী, এটি প্রতি সেকেন্ডে প্রায় ১৩.৩ কিলোমিটার বা ঘণ্টায় ৪৭,৮৮০ কিলোমিটার গতিতে এগিয়েছে। ১৯ নভেম্বর, ‘২০০৭ ডব্লিউকে৩’ গ্রহাণুটিও পৃথিবী থেকে প্রায় ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। এর আকার ১৪ থেকে ৩০ মিটারের মধ্যে বলে জানা গেছে।

সবশেষে, ২০ নভেম্বর ২০২৬ ভিডি৬ নামের গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ৪০ লক্ষ ১০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। ১২ থেকে ২৮ মিটার ব্যাসের এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় ৯.৪ কিলোমিটার গতিতে এগিয়ে চলেছে। তবে, এই পাঁচটি গ্রহাণুর কোনোটিরই পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি নেই বলে আগেই আশ্বাস দিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে, পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করার সময় সেগুলোর ওপর পর্যবেক্ষণ চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই পর্যবেক্ষণ কক্ষপথ সংক্রান্ত অনিশ্চয়তা কমাতে ও গ্রহ সুরক্ষার প্রস্তুতি মজবুত করতে সহায়তা করে।

উল্লেখ্য, ১৪০ মিটারের চেয়ে বড় গ্রহাণু বা উল্কাপিণ্ডগুলো গ্রহ সুরক্ষা সংস্থাগুলোর জন্য বিশেষ উদ্বেগের কারণ। কেননা এগুলোর সঙ্গে সংঘর্ষ হলে কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই পাঁচটি গ্রহাণুর ক্ষেত্রে এগুলো কেবল কতটা কাছে এল সেটা জানাই গুরুত্বপূর্ণ নয়, বরং এগুলোর ভবিষ্যতের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করতে পারে কি না, তা নির্ণয় করা বেশি জরুরি।

google button