প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক অন্দরে একাধিক তর্ক বিতর্কের মাঝেই ফের পশ্চিমবঙ্গ পুলিশের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযোগ, ডায়মন্ড হারবার থানার একটি মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশের একাংশ গুরুতর ষড়যন্ত্র করে চলেছে। শুধু তাই নয়, সরকারি নথিতে কারচুপি করে মিথ্যা এফআইআর তৈরি করে তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে (Abhishek Banerjee On Sumit Roy Case) ফাঁসানোর চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এমতাবস্থায় সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চরম বিতর্ক শুরু হয়েছে।
বিরাট ষড়যন্ত্রের অভিযোগ অভিষেকের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে, ডায়মন্ড হারবারের মমতাপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছিলেন। যেখানে তিনি জানান, “পশ্চিমবঙ্গ সিআইডি এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার আমার কিছু বিশ্বস্ত সূত্র মারফত এক অত্যন্ত উদ্বেগজনক ও চাঞ্চল্যকর ষড়যন্ত্রের খবর জানতে পেরেছি। সরকারি নথিপত্রে কারচুপি করে একটি সম্পূর্ণ মিথ্যা ফৌজদারি মামলা সাজানোর গুরুতর অভিযোগ সামনে এসেছে।”
১৬ আগস্টের বৈঠক নিয়ে তুললেন প্রশ্ন
অভিষেকের অভিযোগ, “ আমাদের জানানো হয়েছে যে ডায়মন্ড হারবার থানার ৩৭৪ নম্বর মামলাটি কাগজে কলমে ১৫ আগস্ট নথিভুক্ত করা হয়েছে। অথচ আমার কাছে আসা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, এই মিথ্যা FIR দায়ের করার গোটা ষড়যন্ত্রটি রচিত হয়েছিল ১৬ আগস্ট। অর্থাৎ, প্রকৃত ঘটনাক্রম আড়াল করতে মামলাটি পূর্ববর্তী তারিখ দেখিয়ে নথিভুক্ত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ১৬ আগস্ট সিআইডির তদন্তকারী আধিকারিক রাজা নস্কর, অভিযোগকারিণী সৈয়দা সাকিনা ইয়াসমিন, বিজেপি নেতা ভাস্কর মণ্ডল এবং ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করের মধ্যে একটি বৈঠক হয়েছিল বলে আমার কাছে খবর আছে। তখনই মিথ্যা মামলা সাজানোর ষড়যন্ত্র করা হয়।”
আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই চলবে ব্যাপক ধ্বংসযজ্ঞ! শুরু ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল
সন্দেহজনক FIR দায়ের সুমিতের বিরুদ্ধে
ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন ইতিমধ্যেই তাঁরা নাকি ১৬ আগস্ট ডায়মন্ড হারবার থানার সমস্ত সিসিটিভি ফুটেজ অবিলম্বে সংরক্ষণ ও আদালতের তত্ত্বাবধানে পরীক্ষা করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে। দাবি করা হচ্ছে ওই ফুটেজ থেকেই স্পষ্ট হতে পারে, সেদিন কারা বৈঠকে উপস্থিত ছিলেন এবং কীভাবে এই সন্দেহজনক এফআইআর দায়েরের প্রক্রিয়া এগিয়েছিল। অভিষেকের (Abhishek Banerjee) পোস্টে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে মাসুদ দফতারি নামে এক ব্যক্তির গ্রেফতারি নিয়েও। তাঁর অভিযোগ, সিআইডির আধিকারিকরা নাকি তাঁকে প্রবল মানসিক চাপ ও ভয়ভীতি দেখিয়ে সুমিত রায়ের বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বাধ্য করেছেন। বর্তমানে মাসুদকে ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসা হয়েছে।
নেপথে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট
অভিষেকের কথায়, আজ সুমিত রায়কে আদালতে পেশ করার কথা। তার ঠিক আগের দিন গভীর রাতে এই সমস্ত ঘটনাক্রম অত্যন্ত সন্দেহজনক। আশঙ্কা করা হচ্ছে, ১৫ আগস্টের তারিখ দেখিয়ে নথিভুক্ত করা ওই বিতর্কিত মামলায় তাঁকে মিথ্যাভাবে জড়ানোর জন্য নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। ইতিমধ্যেই এই সাজানো মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিধায়ক শামিম আহমেদ। এছাড়াও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটও যুক্ত করেছেন অভিষেক। তাঁর দাবি, গত ছয় মাসে পুলিশ সুমিত রায়কে একবারও তলব করেনি। কিন্তু তিনি বিজেপির শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার পর থেকেই পুলিশের তৎপরতা বেড়েছে।
নিরপেক্ষ তদন্তের আবেদন
অভিষেকের প্রশ্ন, “গত ছয় মাসে যে তদন্তে কোনও তৎপরতা ছিল না, রাজনৈতিক অবস্থান বদলাতেই বিভিন্ন কেসে তাঁকে ফাঁসাবার জন্য হটাৎ এত তৎপরতা কেন? আইন কি নিজের গতিতে চলছে, নাকি রাজনৈতিক নির্দেশে? বিচারব্যবস্থার কাছে আমার আবেদন, এই গুরুতর অভিযোগগুলির অবিলম্বে বিচারবিভাগীয় পর্যায়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। পুলিশের সরকারি নথিতে কারচুপি, মিথ্যা মামলা সাজানো, সাক্ষীদের ভয় দেখিয়ে মিথ্যা বয়ান আদায়ের চেষ্টা এবং রাজনৈতিক স্বার্থে তদন্তকে প্রভাবিত করার অভিযোগগুলি যদি সত্য প্রমাণিত হলে তা পশ্চিমবঙ্গ পুলিশের একাংশ এবং বিজেপির কিছু নেতার মধ্যে এক গভীর ও বিপজ্জনক আঁতাতের ইঙ্গিত দেবে। মনে রাখবেন পুলিশের উর্দি রাজনৈতিক প্রতিহিংসার লাইসেন্স নয়। আর রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় থেকে অপরাধ করলে বিচার থেকে রেহাই পাওয়ার অধিকারও কারও নেই।










