ফাঁকি দেওয়ার দিন শেষ! সরকারি দফতরে হাজিরার নিয়মে বড় বদল

Published:

gov. job

আনিষা চৌধুরী, কলকাতা: ফাঁকি দেওয়ার দিন শেষ! সরকারি দফতরে (Government Employees) হাজিরার নিয়মে বিরাট বদল আনতে চলেছে রাজ্য সরকার ( Government of West Bengal)। সরকারি চাকরি মানেই নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে পৌঁছনো, দায়িত্ব সামলে সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করা। অথচ সরকারি দফতরে কর্মসংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠেছে। কখনও নির্ধারিত সময়ের পরে অফিসে আসা, কখনও আবার সময়ের আগেই বেরিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। এবার সেই সমস্ত বিষয়ে লাগাম টানতেই হাজিরা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করতে চাইছে সরকার। এবার থেকে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের মুখ দেখিয়েই দিতে হবে হাজিরা।

কী পদক্ষেপ নিল সরকার?

বড় বড় কর্পোরেট অফিসে কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করতে ইতিমধ্যেই ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এই ব্যবস্থায় কর্মীর মুখের ছবি শনাক্ত করার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয় এবং সেই অনুযায়ী উপস্থিতির তথ্য ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত হয়। ফলে অন্য কারও হয়ে হাজিরা দেওয়া কিংবা হাজিরা খাতায় সই করে উপস্থিতি দেখানোর আর কোনও সুযোগ থাকে না। এবার সরকারি দফতরেও সেই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার।

এই মর্মে গত ১৮ নভেম্বর একটি নির্দেশিকা জারি করেছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে দফতরের অধীন সমস্ত অফিস ও প্রতিষ্ঠানে মোবাইল অ্যাপ-ভিত্তিক ফেসিয়াল রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনড্যান্স সিস্টেম বা FRBAS বাধ্যতামূলক করা হচ্ছে। দফতরের সদর কার্যালয় থেকে শুরু করে রাজ্য, আঞ্চলিক ও জেলা স্তরের অফিস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিও এই ব্যবস্থার আওতায় আসবে। আধিকারিক, কর্মী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে প্রচলিত ম্যানুয়াল হাজিরা রেজিস্টার। নতুন ব্যবস্থা চালুর আগে কর্মীদের অ্যাপে নথিভুক্তিকরণ বা অনবোর্ডিং প্রক্রিয়াও সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধু অফিসে উপস্থিতি নথিভুক্ত করাই এই ব্যবস্থার উদ্দেশ্য নয়। কর্মীরা নির্ধারিত সময়ে অফিসে আসছেন কি না, কেউ দেরিতে পৌঁছচ্ছেন কি না, কারা অনুপস্থিত থাকছেন এবং ছুটির হিসাব, এই সমস্ত বিষয়েও নজরদারি রাখা হবে। ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত হাজিরার তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মীদের উপস্থিতি ও অন্যান্য চাকরিসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা সহজ হবে। সরকার বদলের পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছে। ফলে কাজে গাফিলতি বা হাজিরা নিয়ে অনিয়মের সুযোগ কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বোলপুরে তৃণমূল আমলে জমি দখল, আদিবাসী মহিলার সম্বল ফিরিয়ে দিল বিজেপি

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সরকারি ছুটির বাড়বাড়ন্ত নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল।’ সরকারি কাজ মানেই নড়তে-চড়তে বারো মাস, এই প্রচলিত ধারণা বদলে প্রশাসনে সময়ানুবর্তিতা ও কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে বর্তমান সরকার। ছুটির পাশাপাশি অফিসে উপস্থিতি এবং কাজের ক্ষেত্রেও একের পর এক কড়া নিয়ম চালুর মাধ্যমে সেই বার্তাই দিচ্ছে নবান্ন।

google button