বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্ভরতা কমিয়ে চিনের দাদাগিরি ঘোচাতে বড় পদক্ষেপ ভারতের (India)! দেশে ‘রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট’ (Rare-earth element) তৈরির জন্য মূলত চারটি সংস্থাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রের সিদ্ধান্তে এই বিশেষ প্রকল্পের আওতায় রয়েছে কোল ইন্ডিয়া, প্রোজিয়াল গ্রিন এনার্জি, রিনিউ এবং মিডওয়েস্ট এনার্জি। বৃহস্পতিবার সংস্থাগুলির হাতে প্রাথমিকভাবে নির্বাচনের চিঠি তুলে দেওয়া হয়েছে। আর এই বিশেষ প্রকল্পের জন্য 7,280 কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদি সরকার।
ভারতের উদ্দেশ্য কী?
এই বিশেষ প্রকল্পে ভারতের প্রধান উদ্দেশ্য, বছরে 6,000 টন পর্যন্ত সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তৈরির ক্ষমতা গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাগনেট তৈরি করা গেলে বৈদ্যুতিক গাড়ির মোটর, উইন্ড টারবাইন, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশীয় জোগান বাড়বে। কমবে চিনের উপর নির্ভরতা। কেন্দ্রের এই উদ্যোগের বিশেষ কারণ, এই মুহূর্তে ভারতে রেয়ার আর্থ খনিজের খনন, পৃথকীকরণ ও পরিশোধনের সক্ষমতা বা ব্যবস্থা থাকলেও শিল্পস্তরে ম্যাগনেট তৈরির পরিকাঠামো সীমিত।
ভারতে শিল্পস্তরে ম্যাগনেট তৈরির পরিকাঠামো সীমিত হওয়ার কারণেই দেশের বিভিন্ন শিল্পকে আমদানির উপর নির্ভর করতে হয়। কেন্দ্রীয় সরকারের দাবি, নতুন প্রকল্পের হাত ধরে এই ঘাটতি পূরণ করে দেশে সরবরাহ-শৃঙ্খলা গড়ে তোলার চেষ্টা চলছে। বলে রাখা প্রয়োজন, মোদি সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য শুধুমাত্র আমদানি কমানো বা চিনের উপর নির্ভরতা কমানো নয়, একই সাথে রেয়ার আর্থ ম্যাগনেটের দেশীয় উৎপাদন বাড়িয়ে দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলির সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা।
আরও পড়ুন: জাতিসংঘে বিরোধিতা করা সত্ত্বেও ভারতের সাহায্যে এগিয়ে এলো ইজরায়েলে, হল বড় চুক্তি
উল্লেখ্য, দেশের বুকে রেয়ার আর্থ ম্যাগনেট তৈরির লক্ষ্যে এই বিশেষ প্রকল্পে অংশ নেওয়ার জন্য আগেই দরপত্র জমা দিয়েছিল 20টি সংস্থা। তবে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তীব্র প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পেরেছে চারটি সংস্থা। তবে এই চার সংস্থার মধ্যে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে বছরে 1200 টন সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তৈরির প্রকল্পের কথা জানানো হয়েছে।










