দিঘা-মন্দারমণি সড়ক যোগাযোগ হবে আরও সহজ, ২৫৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন সেতু

Published:

Haldi River bridge

অনন্যা সরকার, কলকাতা: দিঘা (Digha) ও মন্দারমণি (Mandarmani) রাজ্যের দুটি অন্যতম জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র। এই দুই সৈকত শহরকে সড়ক পথে যুক্ত করে নন্দকুমারের মধ্য দিয়ে যাওয়া ১১৬বি (NH 116B) জাতীয় সড়ক। এখন এই নন্দকুমার ও চণ্ডীপুরের মাঝে অবস্থিত নরঘাটে হলদি নদীর ওপর ২৫৫ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু (Haldi River Bridge) নির্মাণের প্রস্তাব পাস হয়েছে। দীর্ঘ দিন ধরেই স্থানীয় বাসিন্দারা নরঘাটে একটি উন্নত সেতু ও পরিবহন পরিকাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। এই বহু প্রতীক্ষিত সেতুটি তৈরি হলে দিঘা, মন্দারমণির পাশাপাশি হলদিয়া এবং কাঁথির মধ্যেও সড়ক যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

দিঘা ও মন্দারমনির মাঝে তৈরি হচ্ছে নতুন ব্রিজ 

প্রশাসন সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা (soil testing)-সহ প্রাথমিক কাজগুলি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মাটি পরীক্ষার জন্য প্রায় ৮৮.০১ লক্ষ টাকার একটি টেন্ডার গত ২৮ আগস্ট জারি করা হয়েছিল। এই টেন্ডারটি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০ নভেম্বর, ২০২৬। এছাড়া, সেতু ও তার সংযোগকারী রাস্তাগুলি তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রক্রিয়াও বর্তমানে চলছে বলে জানা গেছে।

উল্লেখযোগ্যভাবে, নতুন এই সেতুটি নির্মাণের পর হলদিয়া শিল্পাঞ্চল থেকে কাঁথি, দিঘা এবং আশেপাশের এলাকায় যাতায়াত করা অনেক সহজ ও দ্রুততর হবে। এই সেতু হলদিয়া শিল্পাঞ্চল থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত ও দিঘাগামী পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রেও সহায়ক হয়ে উঠবে। 

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে ফসল বিমা, এবার কৃষকদের ভাগের প্রিমিয়ামও দেবে রাজ্য সরকার

প্রশাসনিক মহলের মতে, এই সেতুটি পূর্ব মেদিনীপুরের শিল্প, পর্যটন ও অর্থনৈতিক পরিকাঠামোর ওপর গভীর প্রভাব ফেলবে। এই সেতুটি হলদিয়া ও কাঁথির মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এই নয়া সেতুটি কেবল ভ্রমণের সময়ই কমাবে না, তার পাশাপাশি দিঘা ও মন্দারমণিতে পর্যটন শিল্পের প্রসারেও সাহায্য করবে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পর্যটকদের পক্ষে এই উপকূলীয় পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছানো সহজতর হবে, যা স্থানীয় ব্যবসা ও অর্থনীতির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

google button