বোলপুরে তৃণমূল আমলে জমি দখল, আদিবাসী মহিলার সম্বল ফিরিয়ে দিল বিজেপি

Published:

bolpur

আনিষা চৌধুরী, কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর এবার দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যার স্বস্তির মুখ দেখলেন এক দুঃস্থ অসহায় আদিবাসী মহিলা। অভিযোগ, একসময় বারবার আবেদন জানিয়েও নিজের জমি জবরদখলের হাত থেকে রক্ষা করতে পারেননি তিনি। দীর্ঘদিনের সেই সমস্যার পর এবার জমি মাপজোক করে তাঁর হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বোলপুরের (Bolpur) বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এলাকায়।

কী ঘটেছিল মহিলার সঙ্গে?

ঘটনাটি বোলপুর থানার অন্তর্গত সিয়ান গ্রামের। সিয়ান জরুলের সাঁকো সংলগ্ন এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুনি বিবি নামে এক আদিবাসী মহিলার জমির একাংশ জোর করে দখল করে নেয় বিগত তৃণমূল সরকারের কিছু মাস্তান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বৃদ্ধার এক টুকরো সম্বল হাতিয়ে নেয় তারা। অভিযোগ, ওই এলাকায় একটি পুকুরের পাড় নির্মাণের জন্য মুনি বিবির জমির কিছুটা অংশ কেটে সেখানকার মাটি ব্যবহার করা হয়েছিল।

পরিবারের অভিযোগ, জমি দখলের বিষয়টি নিয়ে বারবার অনুরোধ ও অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। বরং স্বামীহারা ওই মহিলাকে সেই সময় নানা ধরনের অত্যাচারের মুখে পড়তে হয়েছিল বলেও দাবি পরিবারের সদস্যদের। দীর্ঘদিন ধরে নিজের জমি ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন মুনি বিবি।

তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি স্থানীয়দের। এবার স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে ওই জমির মাপজোক করা হয়। অভিযোগ অনুযায়ী, যে অংশটি জবরদখল করা হয়েছিল, তা মুনি বিবির হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনার পর জমি ফিরে পাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে তাঁর পরিবারে। অন্যদিকে, বিজেপি কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করছেন গ্রামবাসীদের একাংশ।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে ফসল বিমা, এবার কৃষকদের ভাগের প্রিমিয়ামও দেবে রাজ্য সরকার

জমি ফিরে পাওয়ার বিষয়ে মুনি বিবি বলেন, “আমি আগে এখানে সবজি চাষ করতাম। সবাই দেখেছে। এরপর স্বামী মরে গেল। তৃণমূলের লোকগুলো জোর করে আমার জমি নিয়ে নিয়েছে। এবার নতুন পার্টি এসেছে। ওরাই ফিরিয়ে দিচ্ছে আমার জায়গাটা।”

google button