বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তার ফল ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে (Team India)। এদিন প্রথম টেস্টের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ একটানা তিনটি উইকেট তুললেও মোটা রান দিয়ে একটি করে উইকেট তুলেছিলেন আকাশদীপ এবং অংশুল কম্বোজ। এছাড়া কেউই দলের হয়ে উইকেট তুলতে পারেননি। ঠিক সে কারণেই টিম ইন্ডিয়ার এমন ব্যর্থতায় প্রশ্ন উঠছে, সিরাজকে কেন বাদ দেওয়া হল? সেই উত্তর দিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোট সীতাংশু কোটাক।
কেন বাদ পড়লেন সিরাজ?
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ভারতীয় একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার। নির্বাচন কমিটির এমন সিদ্ধান্ত বেশ খানিকটা অবাক করেছে ক্রিকেট সমর্থকদের। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে প্রশ্ন করা হয়, কেন বাদ দেওয়া হল সিরাজকে? উত্তরে টিম ইন্ডিয়ার কোচ একেবারে স্পষ্ট করে জানান, সিরাজকে বাদ দেওয়াটা কোনও ভুল সিদ্ধান্ত ছিল না।
ভারতীয় কোচের কথায়, “আমার মনে হয় দল নির্বাচনের সময় নির্বাচন কমিটি সেরা একাদশের কথা মাথায় রেখেই প্লেয়ারদের মাঠে নামায়। সিরাজের বিষয়টায় কোনও ভুল হয়নি। এর আগে তাঁকে সেরা একাদশের কথা ভেবেই খেলানো হয়েছিল। তবে শ্রীলঙ্কার পরিস্থিতিটা আলাদা ছিল। আর এখানে পরিস্থিতিটা আলাদা। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল দেখছি না!”
আরও পড়ুন: পদ্মশ্রী নিতে যাওয়ার সময় ছিল না তাঁর, ইস্টবেঙ্গলের সুধীরবাবু বৃদ্ধ হয়েও ভোলেননি ফুটবল
প্রসঙ্গত, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল করতে নেমে শুরুর দিকেই উইকেট ভাঙতে থাকেন জসপ্রীত বুমরাহ। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত তিনটি উইকেট ভেঙেছিলেন তিনি। বাকি দুটি উইকেট এসেছিল অংশুল কম্বোজ এবং আকাশদীপেরে হাত ধরে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, সিরাজ মাঠে থাকলে হয়তো আরও কিছু উইকেট আসতো ভারতের ঝুলিতে। তবে এক্ষেত্রে গৌতম গম্ভীর এবং অধিনায়ক গিলের পক্ষই নিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ।










