আনিষা চৌধুরী, কলকাতা: দেশে বসবাসকারী নির্দিষ্ট কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA (Citizenship Amendment Act)। এই আইনের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে নাগরিকত্ব পেতে পারেন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। এবার এই আইনের অধীনে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় গতি আনতে এবং বছর শেষ হওয়ার আগেই প্রায় তিন লক্ষ আবেদনকারীর হাতে শংসাপত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন (Nabanna)।
কী পদক্ষেপ নিয়েছে নবান্ন?
উল্লেখ্য, ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইন। ২০২৪ সালে এই আইনের বিধিও কার্যকর হয়। নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতবর্ষে প্রবেশ করেছেন, তাঁরা নির্ধারিত শর্ত মেনে এই আইনে নাগরিকত্বের আবেদন করতে পারেন। প্রথমদিকে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় কেন্দ্রীয় স্তরে দায়িত্ব থাকলেও গত ১৯ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ-সহ আটটি সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসকদের শংসাপত্র প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে।
রাজ্যে দলবদলের পর CAA-র আবেদন নিষ্পত্তির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। গত ১ নভেম্বর ঠাকুরনগরের আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আড়াই লক্ষ আবেদনকারীর শুনানি দ্রুত শেষ করে যোগ্য ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পর যোগ্য তফসিলি জাতিভুক্ত ব্যক্তিদের দ্রুত এসসি শংসাপত্র দেওয়ার ব্যবস্থার কথাও জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পরেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। আবেদন যাচাই ও শুনানির কাজে গতি আনতে নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ১২ জন আইএএস আধিকারিককে দু’মাসের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে প্রশাসনিক উদ্যোগ সত্ত্বেও আবেদনের তুলনায় শংসাপত্র প্রদানের সংখ্যা এখনও অনেকটাই কম। নবান্ন সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত CAA-তে নাগরিকত্বের জন্য মোট ২ লক্ষ ৮৯ হাজার ৯৫০টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ২ লক্ষ ৬১ হাজার ৬৮০ জন আবেদনকারী এখনও নাগরিকত্বের শংসাপত্র হাতে পাননি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৭ হাজারের কিছু বেশি শংসাপত্র বিলি করা হয়েছে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, গত ১৯ অগস্ট জেলাশাসকদের হাতে দায়িত্ব যাওয়ার পর থেকে নতুন করে মাত্র ১,৮৩৪ জনের হাতে শংসাপত্র পৌঁছেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: পরীক্ষায় ফেল! নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এবার কি ভাঙা হবে অভিষেকের পার্টি অফিস?
এই পরিস্থিতিতে সম্প্রতি জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। সূত্রের খবর, বৈঠকে বকেয়া আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নথিপত্র যাচাই, শুনানি এবং প্রশাসনিক স্তরে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের সময়সীমার কথা মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করতে চাইছে নবান্ন। এই প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে আইনের শর্ত পূরণকারী বহু আবেদনকারী নাগরিকত্বের স্বীকৃতি ও তার সঙ্গে যুক্ত আইনগত অধিকারের সুবিধা পাবেন।










