সৌভিক মুখার্জী, কলকাতা: জনগণনার কাজের কারণে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। আপাতত ১৫ দিন পিছচ্ছে বোর্ডের প্রথম পরীক্ষা। জানা গিয়েছে, এবার দুই সপ্তাহ পিছিয়ে পরীক্ষা শুরু হবে ২ মার্চ এবং চলবে ১৬ মার্চ পর্যন্ত। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার মাত্র দুই দিনের ব্যবধানে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১৯ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত। শিক্ষা দফতরের তরফ থেকে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
জনগণনার কাজের জন্য পিছচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা
রিপোর্ট অনুযায়ী, জনগণনার দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে আগামী ২৫ জানুয়ারি এবং সবমিলিয়ে ৫ মার্চ পর্যন্ত সংশোধনের কাজ চলার কথা রয়েছে। তবে জুলাই মাসে পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার যে সময় সূচি প্রকাশ করা হয়েছিল, সেই অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ২০২৭ থেকেই শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিক। তবে মধ্যশিক্ষা পর্ষদের নয়া সূচিতে তা পিছিয়ে যাচ্ছে ১৫ দিন। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১০:৪৫ থেকে দুপুর ২:০০ পর্যন্তই হবে এই পরীক্ষা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রুটিন, জনগণনার জন্য নতুন করে তৈরি করতে হয়েছে। মাধ্যমিকের রুটিনের প্রস্তাব করা হয়েছে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। আর উচ্চ মাধ্যমিকের রুটিন ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। তবে সময়টা একটু দীর্ঘ। অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাগুলির জন্য এই সময় দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।”
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান, ডিএ বাড়াল রাজ্য সরকার, কতটা?
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে সম্ভাব্য সূচি তৈরি করা হয়েছে তা অনুমোদনের জন্য ইতিমধ্যেই নবান্নের কাছে পাঠানো হয়েছে। সমস্ত পক্ষের আলোচনা পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং মুখ্য সচিবের সইয়ের পরেই তা কার্যকর হবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছানোর কারণে যে পড়ুয়ারা প্রস্তুতির একটু বাড়তি সময় পাবে তা বলার অপেক্ষা রাখে না।










