অনন্যা সরকার, পূর্ব বর্ধমান: মাত্র ১৫ দিনের মধ্যে এক অসাধারণ জগদ্ধাত্রী প্রতিমা (Jagaddhatri Idol) তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের কালনা জেলার হাটগাছা গ্রামের প্রতিভাবান মৃৎশিল্পী তাপস পাল। এ বছর দুর্গাপূজায় ছত্তিশগড়ের রায়পুরে নির্মিত এক অসাধারণ সুন্দর ও জীবন্তবৎ দুর্গা প্রতিমা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই প্রতিমা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি দেবী জগদ্ধাত্রীর এই অনন্য প্রতিমাটি তৈরি করেছেন।
মাত্র ১৫ দিনে মৃৎশিল্পী বানালেন জগদ্ধাত্রী প্রতিমা
হাওড়ার বাউরিয়ার একটি পূজা কমিটির বরাত পেয়ে মাত্র ১০ থেকে ১৫ দিন ধরে একনিষ্ঠভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই শিল্পকর্মটি জীবন্ত করে তুলেছেন তাপস পাল। প্রতিমার রূপে ঐতিহ্যের সাথে বাস্তবতার এক স্বতন্ত্র ছোঁয়া মিশে গেছে। সিংহের ওপর উপবিষ্ট দেবী জগদ্ধাত্রী একটি লাল শাড়ি, জমকালো গহনা এবং একটি সূক্ষ্ম কারুকার্যময় মুকুটে সজ্জিতা। দেবীর মুখের অভিব্যক্তি এতটাই শান্ত ও জীবন্ত যে, দূর থেকে মনে হয় যেন স্বয়ং দেবীই মণ্ডপে উপস্থিত আছেন। শিল্পীর নিপুণ তুলির আঁচড় ও অনবদ্য রঙের ব্যবহার এবং গঠনের নিখুঁত বাস্তবতা প্রতিমাটিকে প্রচলিত রূপের থেকে স্বতন্ত্র করে তুলেছে।
উল্লেখ্য, তাপস পাল তাঁর শৈল্পিক দক্ষতার জন্য আগেও একাধিকবার স্বীকৃতি লাভ করেছেন। এ বছরই তাঁর তৈরি ২৮ ইঞ্চি উচ্চতার একটি ক্ষুদ্র দুর্গা প্রতিমা ইংল্যান্ডে পাঠানো হয়। খড় ও মাটি দিয়ে তৈরি সেই প্রতিমাটির ওজন ছিল প্রায় পাঁচ কেজি এবং এটি সম্পূর্ণ করতে সাত থেকে আট দিন সময় লেগেছিল। এ ছাড়াও মিষ্টিমুখের ‘কিউট’ দুর্গা বানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। সমাজ মাধ্যমের খাতিরে তাঁর খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে।
আরও পড়ুন: পদ্মশ্রী নিতে যাওয়ার সময় ছিল না তাঁর, ইস্টবেঙ্গলের সুধীরবাবু বৃদ্ধ হয়েও ভোলেননি ফুটবল
হাটগাছায় তাঁর কর্মশালায় এই অপরূপ জগদ্ধাত্রী প্রতিমাটি দেখতে ও মোবাইল বন্দি করে রাখতে প্রতিদিন উৎসুক দর্শকরা ভিড় জমাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিল্পানুরাগী মানুষ পর্যন্ত সকলেই তাপস পালের এই সৃষ্টিকর্মের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর সৃজনশীলতাই প্রমাণ করে যে, বাংলার মৃৎশিল্পের ঐতিহ্য এখনও কতটা প্রাণবন্ত, যা ঐতিহ্য এবং আধুনিক নান্দনিকতার মাঝে সুন্দরভাবে সেতুবন্ধন করেছে।










