বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের ফুটবলকে (Indian Football) ধ্বংস করছেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey)! বিগত দিনগুলিতে এমন অভিযোগই করেছেন ভারতের একাধিক প্রাক্তন ফুটবলার। বেশ কয়েকবার মুখ খুলতে দেখা গিয়েছিল বাইচুং ভুটিয়াদের। এবার তাঁরাই চৌবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সামনে রেখে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়কে চিঠি দিলেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে পাঠানো অভিযোগপত্রে বাইচুং এর পাশাপাশি সই করেছেন মোট 15 জন প্রাক্তন ফুটবলার। ওই অভিযোগপত্রে ফেডারেশনের একাধিক ব্যর্থতা তুলে ধরে কল্যাণকে দায়িত্ব থেকে অপসারণ করে যোগ্য কাউকে বসানোর দাবি জানিয়েছেন ফুটবল তারকারা।
কল্যাণ চৌবের অপসারণ চান জাতীয় ফুটবলারেরা
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মাথায় বসে রয়েছেন কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলের জন্য তিনি যা যা করেছেন তাতে ক্ষতিই হয়েছে! এমনটাই মনে করেন দেশের প্রাক্তন ফুটবলারেরা। দেশের ফুটবলকে ধ্বংস করছেন কল্যাণ চৌবে, এমন দাবিতেই এবার তাঁর অপসারণ চাইলেন ফুটবল তারকারা। ওই চিঠিতে ক্রীড়ামন্ত্রীকে মনসুখ মাণ্ডবীয়কে লেখা হয়েছে, “দেশের ফুটবলের অবস্থা অত্যন্ত শোচনীয়। যা ভারতের মতো মর্যাদাপূর্ণ দেশের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়।”
ওই চিঠিতে এও জানানো হয়েছে, কল্যাণ চৌবে ফেডারেশন সভাপতিওর দায়িত্ব নেওয়ার পর থেকে ফিফার ক্রমতালিকায় ভারতের অধঃপতন হয়েছে। 95 থেকে 138 নম্বরে নেমে এসেছে ভারতীয় ফুটবল দল। যেখানে দেশে অলিম্পিক আয়োজনের উদ্যোগ হচ্ছে সেই পর্বে দেশের ফুটবলের এত অধঃপতন সত্যিই উদ্বেগের বিষয়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীকে লেখা চিঠিতে দেশের ফুটবলের জন্য নানান ক্ষতিকারক দিক তুলে ধরেছিলেন বাইচুংরা।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে জাভাগাল শ্রীনাথকেই পেছনে ফেললেন বুমরাহ
ওই এক চিঠিতে ব্রাজিল, উরুগুয়ে, পানামার বিরুদ্ধে ম্যাচের আয়োজন করে ফেডারেশনের যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে সে কথাও তুলে ধরে অভিযোগ জানানো হয়। প্রাক্তন ফুটবলারদের দাবি, এই ধরনের ম্যাচ আয়োজন করে ভারতের সামান্য উন্নতি হতে পারে। কিন্তু এইসব ম্যাচ খেলার জন্য ফিফা অনুমোদিত আসিয়ান কাপ খেলতে যায়নি ভারত, যা সত্যিই দৃষ্টিকটু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে প্রাক্তন ফুটবলারেরা অনুরোধ করেছেন, দেশের ফুটবলের স্বার্থে যেন সরকার যথাযথ পদক্ষেপ নেয় এবং বর্তমান সভাপতির জায়গায় যোগ্য বিকল্প কাউকে নিয়োগ করা হয়!










