সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার বাংলার সড়ক ব্যবস্থায় আমূল বদল ঘটতে চলেছে। এবার রাস্তারও হবে ডিজিটাল মানচিত্র (Digital Map)। সেই লক্ষ্যে ‘সড়ক সেন্সাস’ -এর কাজ শুরু করে দিয়েছে নবান্ন বলে খবর। মূলত বাংলার সড়ক পরিকাঠামোর যে ডিজিটাল মানচিত্র তৈরি কড়া হবে সেটাকে প্রশাসন ‘সড়ক সেন্সাস’ (Road Census)-এর আখ্যা দিয়েছে। কীভাবে কী কাজ হবে? চলুন জেনে নিই।
এবার ‘সড়ক সেন্সার’ নিয়ে কাজ শুরু করল নবান্ন
রাজ্যের কোথায় রাস্তা বেহাল, কোন এলাকায় নতুন রাস্তা তৈরি করা প্রয়োজন, আবার কোন গ্রামের সঙ্গে হাসপাতাল, স্কুল কিংবা বাজারের যোগাযোগ ব্যবস্থা দুর্বল—এবার সেই সমস্ত তথ্য এক ছাতার তলায় আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। গ্রাম থেকে শহর, রাজ্যের প্রতিটি এলাকার সড়ক পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তৈরি করা হচ্ছে একটি ডিজিটাল মানচিত্র।
এর মাধ্যমে আগামী দিনে কোথায় নতুন রাস্তা তৈরি করতে হবে, কোথায় পুরনো রাস্তা সংস্কার করা জরুরি এবং কোন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রয়োজন, তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
এই কাজের দায়িত্ব নিয়েছে রাজ্যের পূর্তদপ্তর। কেন্দ্রের গতিশক্তি প্রকল্পের অধীনে দেশজুড়ে সড়ক পরিকাঠামোর তথ্যভাণ্ডার তৈরির যে উদ্যোগ চলছে, তার সঙ্গেই যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে রাজ্যের জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য রাস্তার অবস্থান ও পরিকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। শুধু রাস্তার অবস্থান চিহ্নিত করাই নয়, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজাভিত্তিক ডিজিটাল মানচিত্রও তৈরি করা হচ্ছে।
আরও পড়ুনঃ ৪% ডিএ বাড়াল রাজ্য সরকার, বেতন দ্বিগুণ হল চুক্তিভিত্তিক কর্মীদেরও
হাল ফিরবে বাংলার রাস্তার?
পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোর তথ্যও এই মানচিত্রে যুক্ত করা হচ্ছে। ফলে রাজ্যের কোন প্রান্তে কী ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কোথায় ঘাটতি রয়েছে, তার একটি সামগ্রিক চিত্র প্রশাসনের হাতে আসবে। রাজ্য প্রশাসনের এক পদস্থ কর্তার বক্তব্য অনুযায়ী, এই ডিজিটাল মানচিত্রের সাহায্যে রাস্তা নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা আরও নির্দিষ্টভাবে করা সম্ভব হবে।
উদাহরণস্বরূপ, কোনও প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের হাসপাতালে পৌঁছাতে দীর্ঘ পথ অতিক্রম করতে হলে, সেখানে নতুন রাস্তা তৈরির প্রয়োজনীয়তা চিহ্নিত করা যাবে। একইভাবে কোনও গ্রামের সঙ্গে স্কুল, বাজার কিংবা রেলস্টেশনের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলে, সেই সমস্যাও মানচিত্রের মাধ্যমে সামনে আসবে।
বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া কিংবা উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকাগুলিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বহু জায়গায় এখনও গ্রামের সঙ্গে শহর, হাসপাতাল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত নয়। কোথাও রাস্তা বেহাল, আবার কোথাও প্রয়োজনীয় সংযোগকারী রাস্তার অভাব রয়েছে। সড়ক সেন্সাসের মাধ্যমে এই সমস্ত সমস্যার তথ্য একত্রিত করে ভবিষ্যতে উন্নয়নের পরিকল্পনা তৈরি করা সহজ হবে। সব মিলিয়ে, রাজ্যের সড়ক পরিকাঠামোর একটি পূর্ণাঙ্গ ডিজিটাল চিত্র তৈরির লক্ষ্যেই এগোচ্ছে নবান্ন।










