প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের আনন্দে শামিল হতে গিয়েই ভিড়ের ঠেলায় আচমকাই নদীতে পড়ে গিয়েছিল তিন বছরের শিশু। আতঙ্কিত হয়ে পড়েছিল সকলে। কিন্তু সেই সময় ভয়কে জয় করে পাশে এসে দাঁড়িয়েছিলেন বাঁকুড়ার (Bankura) এক পুলিশ অফিসার। জীবনের ঝুঁকি নিয়েই রীতিমতো নদীতে ঝাঁপ দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বহু চেষ্টার পর শিশুটিকে উদ্ধার (Bankura Chhath Puja Accident) করে সাহসিকতা ও কর্তব্যবোধের নজির গড়লেন মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত সোমবার, ছটপুজো উপলক্ষ্যে বাঁকুড়ার রানীগঞ্জের মেজিয়া থানা এলাকায় ধুমধাম করে পালন করা হচ্ছিল পুজোর নিয়ম। দামোদর নদের ঘাটজুড়ে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চারপাশে যখন হইচই পড়ে গিয়েছিল তখন আচমকাই গভীর জলের মধ্যে পড়ে গিয়েছিল তিন বছরের মেয়ে প্রিন্সিকা কুমারী। মুহূর্তের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়েছিল ঘাটে। এদিকে সেইসময় মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র নজরদারির ডিউটিতে ছিলেন। শিশুর এইরূপ অবস্থা দেখে ঘাটের দিকে ছুটে এসেছিলেন তিনি।
সাবাশ আকাশ!
ঘটনা গত সোমবারের। বাঁকুড়ার রানীগঞ্জের মেজিয়া থানা এলাকায় ধুমধাম করে পালিত হচ্ছিল ছটপুজো। উৎসবের আনন্দে শামিল হয়েছিলেন গির্জাপাড়া এলাকার বাসিন্দা প্রিন্স কুমার ও তাঁর পরিবারও। দামোদর নদের ঘাটে ৩ বছরের ছোট্ট মেয়ে প্রিন্সিকা কুমারীকে নিয়ে তিনি এসেছিলেন ছটপুজোর… pic.twitter.com/cY4qWLhNjs
— West Bengal Police (@WBPolice) November 19, 2026
পুলিশের ব্যাপক প্রশংসা নেট দুনিয়ায়
শিশুটিকে বাঁচানোর জন্য চারপাশে যখন স্থানীয়রা চিৎকার করছিল, তখন এক মুহূর্তও দেরি না করে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র। বহু চেষ্টার পর শেষে গভীর জল থেকে উদ্ধার করা হয়েছিল সেই ছোট্ট শিশুটিকে। নিজের সাহসিকতা ও কর্তব্যবোধের নজির গড়লেন মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র। একজন পুলিশ অফিসারের এই তৎপরতা ও সাহসিকতায় সকলেই বেশ খুশি হয়েছেন। এমনকি তাঁর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা বইছে।
আরও পড়ুন: শেষ দু’মাসের লড়াই, মৃত্যু হল সিটংয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে যাওয়া নিকিতার
পুলিশ অফিসার আকাশের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন রাজ্যের পুলিশ প্রশাসন। যদিও আকাশ পাত্রের কর্তব্যের প্রতি নিষ্ঠা, মানবিকতা এবং বিপদের মুহূর্তে নির্ভীক সিদ্ধান্ত নেওয়ার এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে এবারের ছটপুজোয় যাতে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনও রকম ভুল ত্রুটি না হয় তার জন্য আগে থেকে কলকাতার ঘাট এবং জলাশয়গুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করা হয়েছিল বড় বড় পুলিশ আধিকারিকদের। তাঁদের মধ্যে অন্যতম ছিল সন্তোষ নিম্বলকর (ডিআইজি এসটিএফ), শুভঙ্কর ভট্টাচার্য (ডিআইজি ট্রাফিক), দীপক সরকার (এসএস সিআইডি), সিদ্ধার্থ ধোপালা (এসপি এসটিএফ), পারিজাত বিশ্বাস (এসএস ইবি)।










