সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কাই সত্যি হল। ঘূর্ণিঝড়ের আকভান (Cyclone Akvan)-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলায় অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। বেলা যত বাড়ছে বৃষ্টির (Rainfall) বেগও বাড়ছে। আজ সারাদিনই বাংলার আবহাওয়া এরকম দুর্যোগপূর্ণ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। গত ছয় ঘণ্টা ধরে এটি ঘণ্টায় গড়ে ১২ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ৫০,০০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হল।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান!
IMD জানিয়েছে, বর্তমানে এটি নরসাপুর থেকে ৪৪০ কিলোমিটার, কলিঙ্গাপত্তনম থেকে ৪৪০ কিলোমিটার, চেন্নাই থেকে ৫৮০ কিলোমিটার, গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার এবং পুরী থেকে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, এটি ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে এবং আগামীকাল দুপুর নাগাদ নরসাপুর ও পুরীর মধ্যবর্তী গোপালপুরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ল্যান্ডফলের সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে।
পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড়টির কারণে আজ ও আগামীকাল উত্তর অন্ধ্রপ্রদেশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। উপকূলীয় এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে গাছপালা উপড়ে যেতে পারে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। ওড়িশায় ৫০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: এবার বাংলার মাটিতে ফলছে ‘কালো আলু’! চার গুণ লাভের মুখ দেখছেন কৃষকরা, দাম কত?
ঘূর্ণিঝড় আকভানের কারণে ১৯ থেকে ২১ নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিসের মতে, আজ ১৯ থেকে আগামী ২১ নভেম্বরের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সময়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।










