এবার বাংলার মাটিতে ফলছে ‘কালো আলু’! চার গুণ লাভের মুখ দেখছেন কৃষকরা, দাম কত?

Published:

Black Potatoes

অনন্যা সরকার, কলকাতা: প্রায় ৪০০ বছর আগে পর্তুগিজ নাবিকদের হাত দিয়ে ভারতে আসে আলু। সেই সময় থেকে এদেশের মানুষ সাদা বা লালচে রঙের আলুর সাথেই পরিচিত ছিল। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং পাঞ্জাবসহ ভারতের ১৫টিরও বেশি রাজ্যে ‘কালো আলু’ (Black Potato) চাষ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা অঞ্চল থেকে উদ্ভূত এই আলুর প্রজাতির বাইরের অংশ কুচকুচে কালো এবং ভেতরের অংশ গাঢ় বেগুনি রঙের হয়। ‘কুফরি নীলকণ্ঠ’ (Kufri Neelkanth), ‘শেটল্যান্ড ব্ল্যাক’(Shetland Black) বা ‘ব্ল্যাক নেগ্রা’ (Black Negra) জাতের কালো আলু ভারতীয় বাজারগুলিতে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। 

কালো আলুর পুষ্টিগুণ ও চাষের পদ্ধতি 

কালো আলু কেবল দেখতেই অভিনব নয়, পুষ্টিগুণের জন্য একে অনায়াসে ‘সুপারফুড’-ও বলা যায়। এই আলুগুলির কালো বা বেগুনি রঙের কারণ হলো ‘অ্যান্থোসায়ানিন’ (anthocyanins) নামক প্রাকৃতিক রঞ্জক পদার্থের উচ্চমাত্রায় উপস্থিতি। সাধারণ আলুর তুলনায় এতে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ভিটামিনের পরিমাণ অনেকটাই বেশি থাকে। আবার, এতে স্টার্চ ও চিনির মাত্রা অত্যন্ত কম থাকায়, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয়। এছাড়া, এটি অ্যানিমিয়া দূর করতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

ভরপুর পুষ্টিগুণে সমৃদ্ধ কালো আলু চাষের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস। দোআঁশ মাটিতে এর চাষ হয় সবচেয়ে ভালো। প্রতি একর জমিতে প্রায় ৭ থেকে ১০ কুইন্টাল আলুর বীজ প্রয়োজন হয় এবং জৈব সার ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যেই বপন করা ফসল সংগ্রহের উপযোগী হয়ে ওঠে।

আরও পড়ুন: অপরাজিতা ফুলে ভরে যাবে গাছ, এই সামান্য জিনিসের ব্যবহারে দ্রুত আসবে নতুন কুঁড়ি

সাধারণ আলুর তুলনায় কালো আলুর ফলন কিছুটা কম হলেও, বাজারে এর দাম কয়েকগুণ বেশি। প্রতি কেজি কালো আলু ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়, যার ফলে কৃষকরা সাধারণ আলুর তুলনায় তিন থেকে চার গুণ বেশি মুনাফা অর্জন করতে পারেন। ফলে ভারতের কৃষকদের কাছে কালো আলু এখন প্রচলিত ফসলের একটি লাভজনক ও সম্ভাবনাময় বিকল্প হিসেবে হয়ে উঠেছে।

google button