অনন্যা সরকার, কলকাতা: বাগানের সৌন্দর্য বাড়াতে যেমন অপরাজিতা ফুলের (Butterfly Pea Flower) জুড়ি মেলা ভার, তেমনই পূজা-অর্চনার সাথেও গভীরভাবে জড়িয়ে রয়েছে এই ফুল। তবে সঠিক যত্নের অভাবে অনেক সময় গাঢ় নীল বা সাদা রঙের এই এক পাপড়ি-বিশিষ্ট ফুলের গাছে প্রচুর পাতা জন্মালেও, ফুল তেমন ফোটে না। এই সমস্যার সমাধান করতে দামী কোনো রাসায়নিক সারের প্রয়োজন নেই। খুব সহজ ও প্রাকৃতিক সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই। মাত্র এক চামচ সরষে দানা থাকলেই গাছ ভর্তি করে ফুল আসবে। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
সরষে বীজের পুষ্টিগুণে গাছ ভরে উঠবে ফুলে
সরষের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন ও সালফার। এছাড়া এতে জিঙ্ক ও ম্যাগনেসিয়ামের মতো উপাদানও থাকে। এই উপাদানগুলো গাছের শিকড়কে শক্তিশালী করতে ও নতুন কুঁড়ি আসার ক্ষেত্রে জাদুর মতো কাজ করে। সরষে একটি চমৎকার জৈব সার হিসেবে কাজ করে, যা রাসায়নিক সারের একটি দারুণ বিকল্প।
কীভাবে প্রয়োগ করবেন?
প্রথমে এক চামচ কালো বা হলুদ সরষে বীজ গুঁড়ো করে নিন। এরপর গাছের গোড়ার চারপাশের মাটি হালকা করে আলগা করে দিন, এতে মাটিতে বাতাস চলাচল ভালো হয় ও সার সহজে শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে। ভালোভাবে গাছের গোড়ার চারপাশে সরষের গুঁড়ো ছড়িয়ে দিন এবং ওপর দিয়ে সামান্য মাটি দিয়ে ঢেকে দিন। এরপর পর্যাপ্ত পরিমাণে জল দিন, যাতে সারটি মাটির সাথে ভালোভাবে মিশে যায়।
আরও পড়ুন: বাড়িতেই করুন ধনেপাতা চাষ, ছোট পাত্রে ভালো ফলনের জন্য রইল টিপস
এছাড়াও সরষে দিয়ে একটি তরল জৈব সারও বানানো যায়। এর জন্য এক চামচ সরষের গুঁড়ো এক লিটার জলে ২-৩ দিন ভিজিয়ে রাখতে হবে। এরপর মিশ্রণটি ছেঁকে নিয়ে তার সাথে কিছুটা সাধারণ জল মিশিয়ে গাছের গোড়ায় অল্প অল্প পরিমাণে প্রয়োগ করলে ভালো ফল মিলতে পারে। শুধু সরষে দিয়ে এই সহজ ও সাশ্রয়ী ঘরোয়া পদ্ধতিটি অনুসরণ করলে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অপরাজিতা গাছ ফুলে ফুলে ভরে উঠবে।
তবে মনে রাখবেন, সরষে বীজের মধ্যে এক ধরনের তাপ উৎপাদনকারী গুণ থাকে, তাই প্রয়োজনের তুলনায় বেশি সার ব্যবহার করা উচিত নয়। মাঝারি আকারের একটি অপরাজিতা গাছের জন্য মাসে একবার এক চামচ সরষের গুঁড়োই যথেষ্ট। এছাড়া, প্রতিদিন অন্তত ৪-৫ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় গাছটিতে রাখতে হবে।










