অর্থের অভাবে বন্ধ হয় পড়াশোনা, ঘরে প্যারালাইজড মা, পদক জিতে নজির ছেলের

Published:

Akash Powerlifting

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামশেদপুরের (Jamshedpur) 28 বছর বয়সি আকাশ পাওয়ারলিফটিংয়ে (Powerlifting) বারবার নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। ঘরে তুলেছেন একের পর এক পদক। তবে গোটা ঘটনা বর্ণনা করাটা যতটা সহজ, ততটা সহজ ছিল না ভারতীয় পাওয়ারলিফটারের লড়াই। বোধ হওয়ার পর থেকে জীবনের প্রতিটা পরিস্থিতির সাথে লড়াই করে যেতে হচ্ছে আকাশকে। বাবা চাকরি হারানোর পর পড়াশোনাটাও একটা সময় ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। মা প্যারালাইজড। ফলে, সংসারের সব দায়িত্ব গিয়ে পড়েছিল তাঁর কাঁধেই। কিন্তু সেই সব দায়িত্ব সামলেও পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন আকাশ। সাফল্যের খাতায় তুলেছেন নিজের নাম।

আকাশের জীবন সংগ্রাম অনুপ্রেরণা যোগায়

বাবার চাকরি যতদিন ছিল ততদিন ঠেলেঠুলে চলছিল সংসার। তবে সেই চাকরি যেতেই পরিবারের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। পাওয়ারলিফটার হিসেবে সফলতা পাওয়া তো দূর বরং তখন দুবেলা দুমুঠো খেতে পাওয়াই হয়ে উঠেছিল স্বপ্নের মতো। তা সত্ত্বেও হাল ছাড়েননি আকাশ। এরই মাঝে 2022 সালে পক্ষঘাতে আক্রান্ত হন মা। এর ফলে পুরোপুরি পরিবারের দায়িত্ব গিয়ে পড়েছিল তাঁর উপর। সংসারের খরচ চালাতে শেষ পর্যন্ত নিজের স্বপ্নকে পাশে রেখে জিম ট্রেনারের কাজে যোগ দিয়েছিলেন আকাশ। জিম ট্রেনার হিসেবে যেটুকু যা রোজগার করতেন তা দিয়েই চলতো গোটা সংসার।

এদিকে মা যেহেতু বেড পেশেন্ট ফলে, তাঁকে স্নান করিয়ে দেওয়া, খাওয়ানো থেকে শুরু করে মায়ের সব রকম সেবা করতেন আকাশ। মায়ের দেখাশোনা করে পরিবারের দায়িত্ব সামলেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন আকাশ। নিয়ম করে অনুশীলন করার সাথে সাথে অংশগ্রহণ করতেন বিভিন্ন পাওয়ারলিফটিং প্রতিযোগিতায়। আর সেই পরিশ্রমের ফল মেলে 2025 সালের রাজ্য স্তরের প্রতিযোগিতায়। গতবছর পাওয়ারলিফটিং এ দ্বিতীয় স্থান অর্জন করে রুপোর পদক জেতার পাশাপাশি চলতি বছর রাজ্য স্তরের প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতেন আকাশ।

 

আরও পড়ুন: ফিলিপিনস থেকে ভারতে এলেন প্রধানমন্ত্রী, বহু গুরুত্বপূর্ণ এই সফরে ঘুম উড়বে চিন-পাকিস্তানের!

হাজারো প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন আকাশ। ভারতের এই তরুণ প্রতিভার স্বপ্ন, মায়ের জন্য একটা পাকা বাড়ি তৈরি করা। আসলে বর্ষা হলেই আকাশদের মাটির ঘরে জল ঢুকে যায়। তাতে মাকে নিয়ে থাকতে বড্ড সমস্যা হয় ছেলের। তাই পাওয়ারলিফটিং এর হাত ধরে ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে ইতিহাস গড়ার ইচ্ছে রয়েছে আকাশের। লক্ষ্য নিজের সাথে সাথে পরিবারের মুখে হাসি ফোটানো। আর সেই লড়াইতে আকাশের সম্বল মায়ের আশীর্বাদ এবং নিজের প্রবল ইচ্ছা শক্তি।

google button