চাল নয় এবার লাউ দিয়েই বানান সুস্বাদু পায়েস, রইল পদ্ধতি

Published:

Payesh

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি হেঁসেলে লাউ (Bottle Gourd) দিয়ে হরেক রকমের রান্না করা হয়ে থাকে। কখনো লাউ চিংড়ি কখনো লাউ ঘন্ট আবার কখনো বা লাউয়ের ডাল। পুষ্টিগুণে ভরপুর এক সবজি যেমন একদিকে পেট ঠান্ডা রাখে ঠিক তেমনই আবার শরীর স্বাস্থ্য ভালো রাখে। কিন্তু জানেন কি এই লাউ দিয়ে আবার পায়েস (Payesh) বানানো যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নেওয়া যাক কীভাবে এই লাউয়ের পায়েস বানাতে হয়।

উপকরণ

লাউয়ের পায়েস বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ১ লিটার দুধ, মাঝারি আকারের কচি লাউ, কাঠবাদাম কুচি, পেস্তা কুচি, কাজুবাদাম কুচি, বড় আকারের এক বাটি চিনি, ঘি।

রান্নার পদ্ধতি

জন্মদিন হোক বা অন্য কোনও শুভদিন বাঙালি বাড়িতে পায়েস (Payesh) রান্না করাকে শুভ বলে মনে করা হয়। তবে সেই পায়েস বেশীরভাগ সময় গোবিন্দভোগ চালের হয়। কিন্তু অনেকেই লাউয়ের পায়েস খায়নি। তাই সেই কথা মাথায় রেখে আমাদের প্রতিবেদন লাউয়ের পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছে। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

  • প্রথমে একটি মাঝারি আকারের লাউ নিয়ে তার খোসা ছাড়িয়ে সেটিকে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। এরপর একটি কড়াই নিয়ে তার মধ্যে বেশি পরিমাণে ঘি নিয়ে মাঝারি আঁচে গরম করে নিতে হবে।
  • ঘি গরম হয়ে এলে ওর মধ্যে কেটে রাখা লাউগুলোকে হালকা ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই আগুনের আঁচ মাঝারি থাকতে হবে। লাউ যতক্ষণ না নিজের থেকে জল ছাড়ছে ততক্ষণ সেটিকে নাড়াচাড়া দিয়ে যেতে হবে।
  • লাউয়ের জন্য আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই, যেটুকু জল লাভের থেকে বেরোবে সেই জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ৬-৭ মিনিট পর লাউ যখন মজে আসবে তখন ওর মধ্যে ১ লিটার দুধ ঢেলে দিতে হবে।

আরও পড়ুন: এবার পাঁঠার মাংস দিয়ে বানান জিভে জল আনা ‘নুকটি’, স্বাদ হবে অতুলনীয়, রইল পদ্ধতি

  • লাউয়ের সঙ্গে দুধ ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কারণ এই সময় দুধটাকে ঘন করতে দিতে হবে। ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, নইলে লাউ কড়াইয়ে লেগে যেতে পারে।
  • লাউয়ের পায়েসটা যখন ক্ষীরের মতো ঘন হয়ে আসবে তখন বড় বাটির এক বাটি চিনি দিয়ে দিতে হবে। তবে আপনারা মিষ্টির স্বাদ আরো বাড়ানোর জন্য এর থেকেও বেশি চিনি দিতেও পারেন। যতক্ষণ না চিনির গলে যাচ্ছে ততক্ষণ সেটিকে নাড়াচাড়া করতে হবে।
  • সবশেষে পায়েস যখন হয়ে আসবে তখন ওপর থেকে পেস্তা কুচি, কাঠবাদাম কুচি এবং কাজুবাদাম কুচি উপর থেকে ছড়িয়ে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি লাউয়ের পায়েস।
google button