আনিষা চৌধুরী, কলকাতা: কলকাতার সল্টলেকের বিকাশ ভবনে অবস্থিত স্কুল শিক্ষা দফতরের প্রাথমিক শিক্ষা শাখার তরফ থেকে ১৮ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা (Primary School) ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। চেনা ছবি পাল্টে প্রাথমিক বিদ্যালয়গুলিকে নতুন শিক্ষা স্তরের আওতায় আনতে চলেছে রাজ্য।
কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের মোট ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থাৎ, আগামী শিক্ষাবর্ষ থেকে নির্দিষ্ট ওই প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণিতে পড়াশোনার সুযোগ পাবেন পড়ুয়ারা।

২০০৯ সালের রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কমপালসারি এডুকেশন অ্যাক্ট (Right of Children to Free and Compulsory Education Act) আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামোয় নতুন সংযোজন হতে চলেছে।
এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, গোটা প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: সিউড়ির কলেজে বহিরাগতর তাণ্ডব! গার্লস কমনরুমে ঢুকে ছাত্রীকে মারধর, গ্রেফতার মহম্মদ আলী
১৮ নভেম্বর জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের বিশেষ সচিব চন্দ্রনাথ রায়চৌধুরী। অর্থাৎ এবার থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থর পর পঞ্চম শ্রেণীতেও পড়াশোনা করার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা।










