চিনের হাত থেকে বাঁচতে ফের ভারতের দরজায় ফিলিপিনস, এবার চাই নতুন ক্ষেপণাস্ত্র

Published:

India Philippines

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খতরনাক ব্রহ্মোস নিয়েছিল আগেই, এবার ভারতের (India) আরেক ভয়াবহ ক্ষেপণাস্ত্রের দিকে নজর ফিলিপিনসের (Philippines)। যা খবর, ভারতের তৈরি ‘আকাশ’ এয়ার ডিফেন্স সিস্টেম এবং ‘পিনাকা’ মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার কিনতে আগ্রহ প্রকাশ করেছে চিনের প্রতিবেশী। দক্ষিণ চিন সাগরে ড্রাগনের সাথে উত্তেজনার মধ্যেই মণিলার এমন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

ভারতের আরও দুই অস্ত্রে নজর চিনের শত্রুর!

ফিলিপিনস ইতিমধ্যেই ভারতের কাছ থেকে অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনেছে। 2022 সালে প্রায় 375 মিলিয়ন ডলারের চুক্তিতে তিনটি শোর-বেসড অ্যান্টি-শিপ মিসাইল ব্যাটারি কেনে দেশটি। এবার সেই পথ ধরেই আরও পাঁচটি ব্রহ্মোস ব্যবস্থা এবং মোট প্রায় 60টি ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ইতিমধ্যেই নয়া দিল্লির সাথে আলোচনা অনেকটাই এগিয়েছে দেশটির। এরই মাঝে উঠে আসছে বড় খবর। ভারতের আরও দুই অত্যাধুনিক অস্ত্রের উপর তাক করে বসে রয়েছে ফিলিপিনস।

শুধুমাত্র হামলার ক্ষমতা বাড়ানো নয় বরং নিজেদের ক্ষেপণাস্ত্রগুলিকে শত্রুর বিমান ও ড্রোন হামলা থেকে সুরক্ষিত রাখতেও উদ্যোগী চিনের প্রতিবেশী দেশটি। ঠিক সে কারণেই, ভারতের ‘আকাশ’ এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে নজর রয়েছে ফিলিপিনসের। একই সঙ্গে, পিনাকা রকেট সিস্টেম নিয়েও আগ্রহ দেখাচ্ছে দেশটি। এ প্রসঙ্গে ফিলিপিনসের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র বলেন, তাঁরা ভারতীয় গ্রাউন্ড-বেসড এয়ার ডিফেন্স এবং অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন। এখন দেখার শেষ পর্যন্ত এই ছোট্ট দেশটিকে ভারত দুই গুরুত্বপূর্ণ অস্ত্র দেয় কিনা।

আরও পড়ুন: IPL এ দাপট বাড়াচ্ছে আমেরিকা, শাহরুখের KKR চলে যাচ্ছে মার্কিন সংস্থার হাতে!

প্রসঙ্গত, ফিলিপিনসের ভৌগোলিক অবস্থানও দেশটির অন্যতম বড় দুর্বলতা বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল। বহু দ্বীপ নিয়ে গঠিত এই দেশের দুর্বল রাস্তা, সেতু এবং দ্বীপগুলির মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে যথেষ্ট সমস্যা পোহাতে হয়। তার উপর চিনের বাড়াবাড়ি তো রয়েছেই। মূলত সে কারণেই ভারতীয় ব্রহ্মোস সহ অন্যান্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলিকে যেকোনও প্রকারে নিজেদের অস্ত্রাগারের জায়গা দিতে চাইছে দেশটি।

google button