আনিষা চৌধুরী, কলকাতা: ডাক্তার মানুষের কাছে ভগবান। অসুস্থ হলে তাঁর কাছেই ছুটে যান মানুষ, ভরসা করেন তাঁর পরামর্শের উপর। কিন্তু যখন কোনও অসৎ ব্যক্তি ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন, তখন তার থেকে বড় অপরাধ বোধহয় আর কিছু হতে পারে না। এবার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল উত্তর ২৪ পরগনার হালিশহরে। অভিযোগ, কোনও বৈধ চিকিৎসকের (Doctor) রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই প্রায় পাঁচ বছর ধরে চেম্বার চালিয়ে চিকিৎসা করছেন সাবির আলী নামে এক ব্যক্তি।
কী বলছেন ভুয়ো ডাক্তার?
হালিশহর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইব্রাহিম মসজিদের কাছে রয়েছে সাবির আলীর ডাক্তারখানা। তাঁর প্রেসক্রিপশনে লেখা রয়েছে ‘MBBS (AM)’। তবে সেখানে কোনও রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ নেই। অভিযোগ, গত পাঁচ বছর ধরে ওই চেম্বারে নিয়মিত রোগী দেখছেন তিনি। শুধু ওষুধের পরামর্শ দেওয়াই নয়, প্রেসক্রিপশনে ইউএসজি-সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথাও লিখে দিচ্ছেন। অথচ চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় বৈধ নথি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রশ্ন উঠতেই সামনে এসেছে একাধিক অসঙ্গতি। এমনকি, দীর্ঘদিন ধরে এভাবে চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়টি নিজেও স্বীকার করেছেন সাবির আলী।
নিজের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করা হলে সাবির আলী জানান, “আমি নরমাল ওষুধপত্র প্রেসক্রিপশনে লিখে দিই। প্রাথমিক চিকিৎসা করি। কোনও ভারী কেস এলে আমরা রেফার করে দিই। নরমালি সর্দি-কাশি এগুলোই দেখি। ৪-৫ বছর ধরে চলছে ডাক্তারি।” তাঁর কাছে ইউএসজি রিপোর্ট দেখার যোগ্যতা রয়েছে কি না, সেই প্রশ্ন করা হলে সাবির আলী জানান, “হয়তো পারি না।” প্রেসক্রিপশনে নিজের নামের সঙ্গে চিকিৎসকের ডিগ্রি লেখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রেসক্রিপশনে উচিত হয়নি নাম লেখা। কিছু সমস্যা হচ্ছিল বলে, লিখতে হয়েছিল।”
এদিকে এই ঘটনা সামনে আসতেই সরব হয়েছেন বিধায়ক সুদীপ্ত দাস। তাঁর বক্তব্য, “এত বড় একটা অভিযোগ উঠেছে আর উনি যখন কোনও কাগজ দেখাতে পারেননি, তখন এটা একটা বড় অপরাধ। একটা বিরাট ক্রাইম। ভুয়ো সার্টিফিকেট নিয়ে চিকিৎসা চালাচ্ছে। এটা তো মানুষের জীবন নিয়ে খেলা। আমি অবশ্যই সবটা প্রশাসনকে জানাবো। যদি সত্যিই সবকিছু ফল্স হয়ে থাকে, তিনি যদি ডাক্তার না হয়ে থাকেন তাহলে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে।”
আরও পড়ুন: গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি, জারি বিজ্ঞপ্তি
তবে রাজ্যে ভুয়ো চিকিৎসক বা বৈধ যোগ্যতা ছাড়া চিকিৎসা চালানোর অভিযোগ প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা সামনে এসেছে। ২০২১ সালে নদিয়ার কল্যাণীতে এসএসকেএম হাসপাতালের অধ্যাপক পরিচয় দিয়ে চেম্বার চালানোর অভিযোগে অ্যালবার্ট রাসেল ফারুকি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ছিল, এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই প্রায় ১০ বছর ধরে তিনি চিকিৎসা করছিলেন। আবার ২০২৪ সালের ডিসেম্বর মাসে হালিশহরের বাসিন্দা সুনীল কুমার শ-কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযোগ, তিনি অন্য এক চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক হিসেবে কাজ করছিলেন।










