প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করে তুলতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনে এবার নতুন একটি র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাফ ব্যাটেলিয়ন গঠনের অনুমোদন দিল নবান্ন। ইতিমধ্যেই অনুমোদনের বিজ্ঞপ্তি (RAF Battalion In Kolkata Police) জারি করা হয়েছে। সবমিলিয়ে মোট ৭৯০টি নিয়মিত পদে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে ভিআইপিদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেতে চলেছে বলে জানা গিয়েছে।
কলকাতা পুলিশে তৈরি হচ্ছে নতুন র্যাফ ব্যাটালিয়ন
কলকাতা পুলিশে এমনিতেই র্যাফ ব্যাটালিয়ন রয়েছে। কিন্তু তবুও একাধিক জায়গায় নানা অশান্তি, ঝামেলার খবর পাওয়া যাচ্ছে। সেই অভিযোগ যাতে ভবিষ্যতে না প্রকাশ্যে আসে তারজন্য আরও উন্নত ব্যাটালিয়ন তৈরিতে উদ্যোগী হল নবান্ন। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে পুলিশের র্যাফে নতুন ব্যাটালিয়ন তৈরির জন্য যে অনুমোদন বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে ওই ব্যাটালিয়নের জন্য ৭৯০টি নতুন পদ তৈরির অনুমোদন মিলেছে। মহিলা-পুরুষ মিলিয়ে প্রায় ৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে এই ব্যাটালিয়নে। এর মধ্যে চুক্তিভিত্তিক ১০ জন পুলিশ ড্রাইভার, ১৫ জন রাঁধুনি এবং ২৭ জন পার্ট টাইম কর্মবন্ধু নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
কী দায়িত্ব দেওয়া হবে?
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের এই র্যাফ ব্যাটালিয়নে থাকবেন ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, এসপি, ডিসিপি পদমর্যাদার আধিকারিকেরাও। এই বাহিনীর মূল কাজ হবে কলকাতার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। উৎসব, মিছিল, সমাবেশ, নির্বাচন-সহ বড়ো ধরনের জনসমাগম সামাল দেওয়া এবং সাম্প্রদায়িক অশান্তি, জঙ্গি কার্যকলাপ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও ভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব এই নয়া ব্যাটালিয়নের থাকবে। আসলে গত মাসে দুর্গাপুজোর সময় চোরবাগানে পদপিষ্টে ১৯ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই এই নতুন র্যাফ বাহিনী গড়ে তোলার চিন্তা করা হয়েছে।
আরও পড়ুন: মাদক কারবারিদের ধরতে গিয়ে মুরগি চুরি! সাসপেন্ড পশ্চিম মেদিনীপুরের ২ পুলিশ কর্মী
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পুলিশের দক্ষতা বাড়ানো নিয়ে বলেছিলেন যে, “পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা একসময় অনেক ভাল জায়গায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের পুলিশ দপ্তরের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। কিন্তু তৃণমূল জমানায় পুলিশের দক্ষতাকে কাজে লাগানো হয়নি। তবে এই সরকারের আমলে সেটা বদলাবে। কলকাতা পুলিশকে দেশের অন্য শহরের পুলিশ বাহিনীর মতো ‘দক্ষ’ করে তোলা হবে। শুধু পুলিশের দক্ষতা নয়, এই বাহিনীতে আধুনিক সরঞ্জামের সরবরাহ করা হবে আগামী দিনগুলিতে। ”










