বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের জাহাজ (Ship) নির্মাণ শিল্পে বড়সড় বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। রিপোর্ট বলছে, দক্ষিণ কোরিয়ার (South Korea) অন্যতম বৃহৎ জনপ্রিয় সংস্থা স্যামসং হেভি ইন্ডাস্ট্রিজ (Samsung) ভারতের জাহাজ নির্মাণ পরিকাঠামোয় বিনিয়োগের জন্য আগ্রহী। কাজেই গোটা বিষয়টাই খতিয়ে দেখছে বিদেশি সংস্থাটি। কোম্পানিটি ইতিমধ্যেই নিজস্ব শিপইয়ার্ডে আগামী তিন বছরের অর্ডার পেয়ে গিয়েছে। ফলে, বাড়তি অর্ডার সামলাতে ভারতকে বিকল্প শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে দেখছে SHI। অর্থাৎ ভারতেই জাহাজ তৈরি করতে পারে সংস্থাটি।
ভারতে জাহাজ নির্মাণ করবে Samsung?
দক্ষিণ কোরিয়ার সংস্থা SHI এর সাথে ভারতের গুজরাতের সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজের ইতিমধ্যেই কৌশলগত সমঝোতা রয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে গুজরাতের পিপাভাভ শিপইয়ার্ডে বড় বাণিজ্যিক জাহাজ তৈরির লক্ষ্যে এই অংশীদারিত্ব আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, বর্তমানের সমঝোতাকে ভবিষ্যতে বিনিয়োগ চুক্তিতে পরিণত করে যৌথভাবে জাহাজ তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার সংস্থাটির প্রস্তাবিত বিনিয়োগ যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে ট্যাঙ্কার, গ্যাস ক্যারিয়ার, কনটেনার জাহাজ সহ বিভিন্ন ধরনের বড় বাণিজ্যিক জাহাজ তৈরির পরিকাঠামো গড়ে উঠতে পারে। শুধু তাই নয়, পিপাভাভ ছাড়াও ভারতের বিভিন্ন প্রস্তাবিত গ্রিনফিল্ড শিপবিল্ডিং ক্লাস্টার নিয়ে আগ্রহ প্রকাশ করেছে SHI। ওড়িশার কেন্দ্রাপাড়া এবং কেরলে কোচিন শিপইয়ার্ডের প্রস্তাবিত প্রকল্প নিয়েও বিবেচনা করছে বিদেশি সংস্থাটি।
আরও পড়ুন: ‘খুব ভয় পেতাম’ বাবার থেকে পাওয়া শিক্ষা নিয়ে বড় মন্তব্য ধোনির
প্রসঙ্গত, ভারতও বিদেশি জাহাজ নির্মাণকারী সংস্থাগুলিকে দেশে টানতে কিছু পরিকল্পনা করছে। এর আগে গত বছর অর্থাৎ 2025 সালে জাহাজ নির্মাণ, মেরামতি ও রিসাইক্লিং খাতে 7.8 বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এবার তামিলনাড়ু, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত এবং অন্ধ্রপ্রদেশে পাঁচটি গ্রিনফিল্ড শিপবিল্ডিং ক্লাস্টার তৈরির পরিকল্পনা চলছে। সেই আবহে Samsung এর ভারতীয় জাহাজ শিল্পে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।










