অনন্যা সরকার, বিহার: এবার এক গাছ থেকেই মিলতে পারে দুই ধরণের সবজি! বিহারের কাটিহার জেলা কৃষি বিভাগ বর্তমানে একটি নতুন কৃষি পদ্ধতির ব্যবহারিক প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে একটি মাত্র গাছেই দুই ধরনের সবজি ফলানো সম্ভব হবে। কৃষি বিভাগের তরফে জানানো হয়েছে আধুনিক গ্রাফটিং (Grafting) বা কলম পদ্ধতি ব্যবহার করে ‘পোমাটো’ (Pomato) ও ‘ব্রিজেটো’ (Bridgeto) নামে দুটি বিশেষ জাতের গাছ চাষ করা হবে। কাটিহারের জেলা ম্যাজিস্ট্রেট আশুতোষ দ্বিবেদীর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কীভাবে ফলানো হবে এক গাছে দুই ধরনের সবজি?
‘পোমাটো’ গাছের ওপরের অংশে টমেটো ধরে এবং মাটির নীচে জন্মায় আলু। পোমাটো শব্দটি টমেটো ও পটেটোর সংমিশ্রণে তৈরি। অন্যদিকে, ‘ব্রিজেটো’ গাছে টমেটো ও বেগুন – এই দুটি সবজি একসাথে পাওয়া যায়। ব্রিজেটো শব্দটি ব্রিনজল ও টমেটোকে মিলিয়ে তৈরি। গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে দুটি ভিন্ন উদ্ভিদের অংশ জুড়ে এই অনন্য গাছগুলো তৈরি করা হচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ (Indian Institute of Vegetable Research)-এর তথ্য অনুযায়ী, একটি আলু গাছের ওপর টমেটো গাছের অংশ জুড়ে দিয়ে ‘পোমাটো’ তৈরি করা হয়। আর ‘ব্রিজেটো’ তৈরির ক্ষেত্রে রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন বেগুনের মূল গাছের (Rootstock) ওপর টমেটো ও বেগুনের অংশ জুড়ে দেওয়া হয়।
কাটিহার জেলা কৃষি বিভাগ বারাণসীতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ-এর কাছে চিঠি লিখে এই চারাগুলো সরবরাহ করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, কাটিহারের মাটি ও জলবায়ুর সঙ্গে এই গাছগুলো কতটা মানিয়ে নিতে পারবে, সে বিষয়েও তারা তথ্য চেয়েছে।
আরও পড়ুন: বাড়িতেই করুন ধনেপাতা চাষ, ছোট পাত্রে ভালো ফলনের জন্য রইল টিপস
শুরুতে কৃষকদের জমিতে পরীক্ষামূলকভাবে এগুলো চাষ করা হবে। ফলন, উৎপাদন খরচ, ফসলের গুণমান ও লভ্যাংশ – এই সবকটি দিক থেকে যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে আগামী দিনে এই পদ্ধতির ব্যবহার আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে যে, এর মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা কম জমিতে বেশি সবজি ফলিয়ে নিজেদের আয় বাড়াতে সক্ষম হবেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআর (ICAR)-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে এই প্রতিষ্ঠানটি প্রায় ২৮ হাজারটি ‘পোমাটো’ এবং ৩৬ হাজারটি ‘ব্রিজেটো’ চারা উৎপাদন করেছে, যা এই প্রযুক্তির ব্যাপক সম্ভাবনার ইঙ্গিত দেয়।










