বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম প্যালেস্টাইন (India Vs Palestine) অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ঘিরে বিতর্ক। ভারতীয় অধিনায়ক দলালমুয়ন গাংটের দিকে প্যালেস্টাইনের এক ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক বা নোঙরা অঙ্গভঙ্গি করার অভিযোগ রয়েছে। যে ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন দেশের ফুটবল সমর্থকরা। এবার ময়দানে নামলো খোদ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ওই এক ঘটনার পর এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে AIFF।
ব্যবস্থা নিল AIFF
17 নভেম্বর, অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্রতিপক্ষ প্যালেস্টাইনকে হারিয়ে মূল পর্বের অনেকটাই কাছে চলে গিয়েছে ভারত। তবে এদিনের ম্যাচ চলাকালীন ঘটে যায় একটি বিতর্কিত ঘটনা। ম্যাচের সম্প্রচারিত ফুটেজে প্যালেস্টাইনের 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাহা সুয়েইদানকে ভারতীয় অধিনায়ক গাংটের কাছে এসে নাকের সামনে হাত নাড়তে দেখা যায়।
ভারতের অভিযোগ, এই ধরনের অঙ্গভঙ্গি সম্পূর্ণ বর্ণবিদ্বেষমূলক এবং দক্ষিণ এশিয়দের অপমান করার জন্য করা হয়েছে। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে AFC-র কাছে সরাসরি অভিযোগ দায়ের করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, AFC-কে ম্যাচের ফুটেজ খতিয়ে দেখে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে তারা। ভারতীয় ফুটবল সংস্থার একেবারে স্পষ্ট বক্তব্য, ফুটবলে বর্ণবিদ্বেষ বা বৈষম্যমূলক কোনও আচরণের জায়গা নেই। ফুটবলের মূল মূল্যবোধ, সম্মান, সমতা, ফেয়ার প্লে ও স্পোর্টসম্যানশিপ রক্ষা করা জরুরি।
আরও পড়ুন: দেশের জন্য ১৪ কোটি ত্যাগ, IPL না খেলার সিদ্ধান্ত ট্রাভিস হেডের
কী দাবি প্যালেস্টাইনের?
ভারতের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন প্যালেস্টাইন দলের ম্যানেজার মহম্মদ জোমা আল-আরুরি। তাঁর দাবি, প্যারেস্টাইনের ওই খেলোয়াড়ের উদ্দেশ্য ভারতের অধিনায়ককে অপমান করা ছিল না। ম্যাচের শেষে তিনি গাংটের কাছে গিয়ে গোটা বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এবং সমস্যা মিটেও গিয়েছে। তবে প্রতিপক্ষ দলটির তরফে সাফাই বার্তা দেওয়া হলেও কমেনি বিতর্ক।










