১০ টাকা থেকে শুরু! Vi আনল ১৪টি সস্তা প্ল্যান, অনলি কলিংয়ের সাথে রয়েছে ডেটা প্যাকও

Published:

Vi Recharge Plan

অনন্যা সরকার, কলকাতা: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর নির্দেশিকা মেনে, Vi (Vi / Vodafone-Idea) তাদের ওয়েবসাইট ও অ্যাপে সাশ্রয়ী রিচার্জ প্ল্যানগুলোর জন্য একটি আলাদা বিভাগ চালু করেছে। এই বিভাগে মোট ১৪টি প্ল্যান রয়েছে, যার শুরু ১০ টাকা থেকে। প্ল্যানগুলির মধ্যে  টকটাইম, ভয়েস অনলি পরিষেবা ও ডেটা ভাউচার সহ বিভিন্ন বিকল্প অন্তর্ভুক্ত রয়েছে। আগে এই প্ল্যানগুলোর জন্য কোনো নির্দিষ্ট বিভাগ ছিল না, যার ফলে অনেক সময় ইউজারদের জন্য এগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে যেত। ট্রাই-এর নির্দেশনায় অ্যাপ ও ওয়েবসাইটে সাশ্রয়ী ‘ভয়েস অনলি’ প্ল্যানগুলোর (Voice-only Plan) জন্য একটি আলাদা বিভাগ রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে এই ধরনের সব বিকল্প এক জায়গায় দেখতে পাওয়া যায়।

সাশ্রয়ী মূল্যে Vi-এর দারুণ অফার

১০ টাকার প্ল্যানটি একটি টপ-আপ ভাউচার, যা ৭.৪৭ টাকার টকটাইম দেয়, তবে এতে কোনো অতিরিক্ত ভ্যালিডিটি, ডেটা বা ফ্রি এসএমএস (SMS) সুবিধা নেই। ‘ভয়েস অনলি’ প্ল্যানগুলোর মধ্যে রয়েছে ২৮ দিনের আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএস সহ ১৮৫ টাকার প্ল্যান, ৩০ দিনের আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএস সহ ২০৩ টাকার প্ল্যান এবং এক মাসের জন্য আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএস সহ ২০৬ টাকার প্ল্যান। এগুলো শুধুই কলিংয়ের জন্য, কোনোটিতেই ডেটা সুবিধা মিলবে না।

ডেটা সহ প্ল্যানগুলোর মধ্যে রয়েছে এক মাসের আনলিমিটেড কলিং, ৩০০টি এসএমএস ও ৩ জিবি হাই-স্পিড ডেটা সহ ২১৮ টাকার প্ল্যান, ৩০ দিনের আনলিমিটেড কলিং, এসএমএস ও ৪ জিবি ডেটা সহ ২২৪ টাকার প্ল্যান এবং এক মাসের জন্য আনলিমিটেড কলিং ও ৪ জিবি ডেটার সঙ্গে ২৩২ টাকার প্ল্যান।

আরও পড়ুন: Airtel আনল নতুন ইনসাইডার অফার, মিলছে ৩০ হাজারের সুবিধা বিনামূল্যে

এরপর, ২৩৪ ও ২৪২ টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং, ৭.৪৭ টাকার টকটাইম এবং ৪ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি যথাক্রমে ৩০ দিন এবং এক ক্যালেন্ডার মাস। ৩৪৫ টাকার প্ল্যানে ৩০ দিনের আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং মোট ২৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়।

এছাড়াও রয়েছে ৩৭৯ টাকার প্ল্যান, যা এক মাসের আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস, প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা ও ‘উইকেন্ড ডেটা রোলওভার’ (সপ্তাহান্তের অব্যবহৃত ডেটা পরবর্তী সময়ে ব্যবহারের সুবিধা) অফার করে। দীর্ঘমেয়াদী প্রয়োজনের ক্ষেত্রে, ৪৭০ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং ও ৯০০টি এসএমএস পাওয়া যায়, তবে এতে কোনো ডেটা থাকে না।

এক বছর মেয়াদি কিছু নতুন প্ল্যানও রয়েছে।১,১৮৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের জন্য ৫০ জিবি ডেটা পাওয়া যায়, কিন্তু এতে কোনো কলিং বা আউটগোয়িং এসএমএস-এর সুবিধা নেই। অন্যদিকে, ১,৮৪৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড কলিং এবং ৩,৬০০টি ফ্রি এসএমএস পাওয়া যায়, তবে এতে কোনো ডেটা পরিষেবা মিলবে না।

google button