সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার শিল্পায়নে নয়া দিগন্ত। নদীয়া জেলার শিল্পায়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে এবার হতে চলেছে বিশাল সংযোজন। জেলার হরিণঘাটা (Haringhata) এলাকায় খুব শীঘ্রই একটি নতুন ক্যাম্পা কোলা (Campa Cola) পানীয় প্রস্তুতকারক কারখানা স্থাপিত হতে চলেছে বলেই খবর। এমনকি একই সঙ্গে নদীয়া জেলার অনুন্নত ও বিচ্ছিন্ন প্রান্তগুলিকে দেশের মূল রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে করিমপুর আর তেহট্ট অঞ্চলের মধ্যে শুরু হয়েছে বিশেষ ভূমি সমীক্ষা। তবে এই ক্যাম্পা কোলার ফ্যাক্টরি তৈরি হলে এখান থেকে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।
হরিণঘাটায় শিল্পায়নে নতুন দিগন্ত
পশ্চিমবঙ্গ সরকারের সার্বিক উন্নয়ন ভাবনার অংশ হিসেবেই হরিণঘাটায় এই বোতলজাতকরণ কারখানাটি গড়ার ঘোষণা করা হয়েছে। সূত্র অনুযায়ী খবর, খুব শীঘ্রই এই প্রস্তাবিত কারখানাটির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য ভূমিপুজো সম্পন্ন হবে। হরিণঘাটা শিল্পাঞ্চলের বর্তমান পরিকাঠামো এবং নিকটবর্তী কল্যাণীর এইমস হাসপাতালের উপস্থিতি এই অঞ্চলটিকে আরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসাবে তুলে ধরছে। বিশেষজ্ঞদের অনুমান, ক্যাম্পা কোলা কারখানার মতো বড় শিল্প প্রকল্প চালু হলে এই অঞ্চলে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিও দারুণভাবে লাভবান হবে।
প্রসঙ্গত, রাজ্যের শিল্প উৎপাদন ক্ষেত্রকে আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগকে প্রথম তালিকায় দেখা হচ্ছে। এর আগে লাক্স কোজি, আমুলের মতো একাধিক সংস্থা কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলায়। পাশাপাশি বড় বড় শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতিদের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। সম্প্রতি নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতাল প্রকল্পের পাশাপাশি রাজ্যে নতুন শিল্প পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে নবান্নের।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা আটকে? এভাবে ক্লেইম করলেই মিলবে মাসে ৩০০০
এদিকে শিল্পায়নের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও সহজ ও গতিশীল করতে রেল যোগাযোগের উপরেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। জানা গিয়েছে, নদীয়া জেলার করিমপুর এবং তেহট্ট এলাকায় নতুন রেললাইন সম্প্রসারণের জন্য জমি সমীক্ষার কাজ শুরু হয়েছে। আর এই রেল প্রকল্প বাস্তবায়িত হলে নদীয়ার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা দূর হবে। পাশাপাশি জেলাবাসীর যাতায়াত আরও দ্রুত এবং সুবিধাজনক হতে পারে।










