অনন্যা সরকার, কলকাতা: সড়কপথে শিল্পনগরী দুর্গাপুর থেকে সৈকত শহর দিঘায় (Durgapur Digha Bus) যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) পরিচালিত বাস পরিষেবা একটি সাশ্রয়ী ও সুবিধাজনক বিকল্প। বিষ্ণুপুর বা মেদিনীপুর – এই দুটি রুটের মাধ্যমে দিঘায় যাওয়া যায় এবং দিন ও রাত মিলিয়ে বিভিন্ন সময়ে দুর্গাপুর থেকে দিঘা যাওয়ার এসবিএসটিসি বাস পাওয়া যায়। আসুন তাহলে এই বাস পরিষেবার রুট এবং সময়সূচি জেনে নেওয়া যাক।
দুর্গাপুর – দিঘা এসবিএসটিসি বাসের রুটসমূহ
সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের দুর্গাপুর – দিঘা পরিষেবা মূলত দুটি রুটে চলে – একটি বিষ্ণুপুর হয়ে এবং অপরটি মেদিনীপুর হয়ে যায়। বিষ্ণুপুরগামী বাসগুলো দুর্গাপুর ডিপো থেকে ছাড়ে, আর মেদিনীপুরগামী বাসগুলো দুর্গাপুর সিটি সেন্টার বা দুর্গাপুরের ডিপো থেকে যাত্রা শুরু করে। এছাড়া আসানসোল ও সিউড়ি থেকে ছাড়া কিছু বাসও দুর্গাপুর হয়ে দিঘায় যায়।
দুর্গাপুর – দিঘা এসবিএসটিসি বাসের সময়সূচি
- সকাল ৬:৪৫ – দুর্গাপুর ডিপো থেকে ছাড়ে, বিষ্ণুপুর হয়ে যায়।
- সকাল ৭:১৫ – আসানসোল থেকে ছাড়ে, দুর্গাপুর হয়ে দিঘার উদ্দেশ্যে।
- সকাল ৯:১৫ – সিউড়ি থেকে ছাড়ে, দুর্গাপুর হয়ে দিঘায় যায়।
- রাত ৮:২৫ – দুর্গাপুর সিটি সেন্টার/ দুর্গাপুর ডিপো থেকে ছাড়ে, মেদিনীপুর হয়ে যায়।
- রাত ৯:০০ – রাত ১০:০০ – আসানসোল থেকে ছাড়ে, রাত ৯:৩০-এ দুর্গাপুর সিটি সেন্টার ও রাত ১০:০০-এ দুর্গাপুর স্টেশন হয়ে দিঘার দিকে যায়।
আরও পড়ুন: কলকাতা থেকে দিঘা যাওয়ার সরকারি এসি বাস, মহিলাদের ফ্রি, জানুন রুট ও সময়সূচি
উল্লেখ্য, যাত্রীরা দুপুর বা বিকেলের মধ্যে দিঘা পৌঁছাতে চাইলে সকালের বাসগুলি বেছে নিতে পারেন। আবার রাতে ভ্রমণের জন্য নাইট বাসও উপলব্ধ রয়েছে। নাইট বাসে যাত্রা করলে সকাল নাগাদ দিঘায় পৌঁছে যাওয়া সম্ভব। ছুটির দিনগুলোতে যাত্রীদের চাপ বাড়ে, তাই অগ্রিম টিকিট বুক করে রাখা দরকার। এসবিএসটিসি-র ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে ঘরে বসেই পছন্দসই সিট বুক করতে পারেন যাত্রীরা।










