কলকাতা থেকে দিঘা যাওয়ার সরকারি এসি বাস, মহিলাদের ফ্রি, জানুন রুট ও সময়সূচি

Published:

SBSTC Kolkata Digha Bus

অনন্যা সরকার, কলকাতা: পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী শহর দিঘা বাঙালিদের অন্যতম পছন্দের পর্যটনকেন্দ্র। ছোটখাটো ছুটি পেলে অনেকেই ব্যাগ গুছিয়ে পরিবার বা বন্ধু-বান্ধবের সাথে পাড়ি জমায় সৈকত শহরে। সমুদ্রের নোনা হাওয়া, বালুকাময় সৈকত আর আরামদায়ক ভ্রমণের সন্ধানে থাকা পর্যটকদের জন্য, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) কলকাতা থেকে দিঘা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাস পরিষেবা পরিচালনা করে (SBSTC Kolkata Digha Bus)। এই বাসগুলি এসপ্ল্যানেড থেকে সরাসরি দিঘায় পৌঁছায়। আসুন তাহলে এই এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক। 

এসবিএসটিসি কলকাতা – দিঘা বাসের রুট ও সময়সূচি

দিনের প্রথম এসি বাসটি সকাল ৮:১৫-এ এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এবং দুপুর ১২:৪৫-এ দিঘায় পৌঁছায়। আর দ্বিতীয় বাসটি সকাল ১১:৩০-এ ছেড়ে বিকেল ৪:০০টায় দিঘায় পৌঁছায়। এর ফলে যাত্রীরা সকালের দিকে রওনা হয়ে বিকেল বা সন্ধ্যার মধ্যেই সমুদ্রতীরে পৌঁছে যেতে পারেন।

এই সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি এসপ্ল্যানেড থেকে ছেড়ে সাঁতরাগাছি, সলপ, ধুলাগড়, কোলাঘাট, মেচেদা, পাঁশকুড়া, নন্দকুমার, হেরিয়া, কাঁথি, মন্দারমণি ও রামনগর হয়ে দিঘায় পৌঁছায়। সমগ্র যাত্রাপথের দূরত্ব প্রায় ২১০.৪ কিলোমিটার, যা অতিক্রম করতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। এই পথে যাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ ও শহরতলি এলাকা পেরিয়ে দিঘা পৌঁছবেন। এই বাসটি যেহেতু সরকারি তাই মহিলা যাত্রীরা এতে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। আগ্রহী যাত্রীরা অনলাইনে এসবিএসটিসি-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সিট বুক করতে পারেন। 

আরও পড়ুন: ‘ফ্রি’ টিকিট কেটেও বাসে উঠছেন না মহিলারা, নম্বর ব্লক করার সফটওয়্যার আনছে SBSTC

তবে জানিয়ে রাখি, সম্প্রতি ফ্রি টিকিট বুকিং-এর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। দেখা গেছে অনেক মহিলা যাত্রী বাসের টিকিট বুক করার পর আর যাত্রা করছেন না। যার ফলে দূরপাল্লার অনেক বাস ফাঁকা চালাতে হচ্ছে। এতে সংস্থার রাজস্বের ক্ষতি হচ্ছে। তাই এসবিএসটিসি একটি নতুন সফটওয়্যার চালু করতে চলেছে, যা সেই সমস্ত নম্বরগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে যেগুলি থেকে টিকিট বুক করেও যাত্রা বাতিল করা হচ্ছে। এছাড়া একটি ফোন নম্বর ব্যবহার করে টিকিট বুক করার সংখ্যাও সীমিত করতে চলেছে এসবিএসটিসি।

google button