প্রীতি পোদ্দার, কলকাতা: গরম কাটিয়ে হালকা শীতের রেশ আসতে না আসতেই ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। অর্থাৎ যাও বা ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব, ঠান্ডা আমেজ থাকত সেটাও এবার হারিয়ে যেতে চলেছে বৃষ্টির চক্করে। তার উপর রয়েছে ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। আগামীকাল (Weather Tomorrow) মঙ্গলবার রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকেই আবহাওয়ার বদল হতে চলেছে (West Bengal Rain)। একাধিক জেলায় বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় আকভান
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় আকভান। ইতিমধ্যেই নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি-গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। আশঙ্কা করা হচ্ছে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আগামী ১৯ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। যখন স্থলভাগে আছড়ে পড়বে তখন এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিমি হতে পারে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে পারে। দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়তেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে আপাতত আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ যেমন রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া ছিল আশা করা যাচ্ছে আগামীকাল এমনও থাকবে। কিন্তু আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: বাগদান সারলেন দেবাংশু ভট্টাচার্য, পাত্রী কে? জানুন
বুধ থেকেই শুরু হবে বৃষ্টি
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী বুধবার, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘূর্ণিঝড়ের কোন প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। একনজরে জেনে নিন কেমন থাকবে উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে না পড়লেও পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানকার জেলাগুলিতে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী শনিবার পর্যন্ত সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির পাশাপাশি এখানে তাপমাত্রাও আগামী কয়েকদিন কমতে পারে।










