আনিষা চৌধুরী, কলকাতা: মূল্যবৃদ্ধির চাপ থেকে কোনওভাবেই রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই চিন্তায় মধ্যবিত্ত সমাজ। এর মাঝেই নতুন করে চিন্তা বাড়াল পাইকারি (Wholesale) মুদ্রাস্ফীতির (Inflation) পরিসংখ্যান। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে দেশের পাইকারি মূল্যসূচক (WPI) ভিত্তিক মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১২.২৯ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ১১.৩৯ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানেই পাইকারি মূল্যবৃদ্ধির হার বেশ কিছুটা বেড়েছে। ২০২২-২৩ অনুযায়ী প্রকাশিত এই সূচকে অক্টোবরে সমস্ত পণ্যের মূল্যসূচকও বেড়ে হয়েছে ১১৩.৩। তবে কি আরও দাম বাড়বে জিনিসপত্রের?
এই মূল্যবৃদ্ধির কারণ কী?
এই মূল্যবৃদ্ধির পিছনে জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রের ভূমিকা সবচেয়ে বেশি। সরকারি পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে এই খাতে মুদ্রাস্ফীতির হার ছিল ২৫.৮৫ শতাংশ, অক্টোবরে তা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৩২.৮৪ শতাংশ। অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি এই সূচকে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে। গত বছরের অক্টোবরের তুলনায় এই দুই পণ্যের মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে ৭০.৮০ শতাংশে। পাশাপাশি খনিজ তেল এবং বিদ্যুতের দামও বেড়েছে।
শুধু জ্বালানি নয়, প্রাথমিক পণ্য ও বিভিন্ন খাদ্যসামগ্রীর দামও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেপ্টেম্বরে প্রাথমিক পণ্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৬৭ শতাংশ, অক্টোবরে তা বেড়ে হয়েছে ৯.২৪ শতাংশ। খাদ্যসূচকের ক্ষেত্রে অবশ্য সামান্য স্বস্তি মিলেছে। সেপ্টেম্বরে খাদ্যসূচকভিত্তিক মুদ্রাস্ফীতি ছিল ৮.৬৬ শতাংশ, অক্টোবরে তা কমে হয়েছে ৮.৫৮ শতাংশ। তবে খাদ্যপণ্যের মধ্যে কাঁচা খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির হার বেড়ে ৮.২৬ শতাংশ হয়েছে। অন্যদিকে, উৎপাদিত পণ্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার সামান্য কমে ৯.৫৪ শতাংশে দাঁড়িয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, পাইকারি মূল্যবৃদ্ধির পাশাপাশি খুচরো বাজারেও মূল্যবৃদ্ধির চাপ বেড়েছে। অক্টোবর মাসে দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে ৬.০৯ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৫.৫৪ শতাংশ। ফলস্বরূপ রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমাও পার করেছে খুচরো মূল্যবৃদ্ধি। গত দু’বছরের মধ্যে প্রথমবার এমনটা ঘটল। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ এবং দেশের অর্থনীতির উপর মূল্যবৃদ্ধির প্রভাব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সবার মাথার উপর কংক্রিটের ছাদ, ভাতা বাড়ানো হবে এদের! ঘোষণা মুখ্যমন্ত্রীর
তবে আগামী দিনে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ICRA-র প্রধান অর্থনীতিবিদ রাহুল আগরওয়াল আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সম্ভাবনার কথা উল্লেখ করে নভেম্বর মাসে পাইকারি মুদ্রাস্ফীতি কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন। যদিও জ্বালানির দাম নিয়ে অনিশ্চয়তা এখনও রয়েছে। ফলে আগামী মাসগুলিতে মূল্যবৃদ্ধির গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে অর্থনৈতিক মহলের।










