আনিষা চৌধুরী, কলকাতা: সরকারে আসার পর থেকে বারবার নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কখনও পূর্ববর্তী সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে, আবার কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নিজের দলের নেতা! কোনও একজন নেতার দুর্নীতির কারণে যাতে গোটা সংগঠনের ভাবমূর্তি নষ্ট না হয়, সেই লক্ষ্যেই দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলার অভিযোগে সেই নেতাকে গ্রেফতারের নির্দেশ দিলেন তিনি।
কী অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে?
ধৃত বিজেপি নেতার নাম অভিজিৎ করণ। তিনি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিতের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। দলেরই নেতা রিপুঞ্জয় প্রামাণিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতারের পর রবিবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
অভিযোগ, কখনও বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে, কখনও সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, আবার কখনও সরকারি ঠিকাদারি কাজের বরাত দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তুলেছিলেন অভিজিৎ। নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিকের দাবি, তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রলোভন দেখিয়ে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। এমনকি, দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনসলের সঙ্গে সাক্ষাৎও করিয়েছিলেন বলে অভিযোগ। অন্যদিকে, খঞ্চি এলাকার এক বিজেপি নেতার কাছ থেকেও একই কায়দায় প্রায় ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় চাকরি ও সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে আরও বহু মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে সেই অঙ্ক প্রায় ৬ কোটি টাকা বলে অভিযোগকারীদের দাবি।
ঘটনার খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে পৌঁছতেই ক্ষুব্ধ হন তিনি। অভিযোগের গুরুত্ব বুঝে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপের নির্দেশ দেন পুলিশ সুপারকে। এরপরই পুলিশ তদন্তে নেমে অভিজিৎ করণকে গ্রেফতার করে। অন্যদিকে, দলের নেতা-কর্মীদের উদ্দেশে আগেই কড়া বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তোলাবাজি বা অন্য কোনও অনৈতিক কাজে দলের কেউ যুক্ত থাকলে তাঁকে রেয়াত করা হবে না, এমনই সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজের দলের নেতার গ্রেফতারি সেই অবস্থানকেই আরও স্পষ্ট করল।
আরও পড়ুন: ডিজে মামলায় শেষ রক্ষাকবচের মেয়াদ, ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
বস্তুত, আগের সরকারের আমলে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের আড়াল করা এবং দলীয় নেতাদের পাশে দাঁড়ানোর অভিযোগ বারবার উঠেছে। কিন্তু বর্তমান সরকার দুর্নীতির প্রশ্নে দল ও বিরোধী, কোনও পরিচয়কেই ঢাল হতে দিতে চায় না। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দলের কেউ অন্যায় করলেও তাঁকে আইনের আওতায় আনা হবে এবং শাস্তি দেওয়া হবে।










