কুলগাম হামলায় অভিযুক্ত, দুই লস্কর জঙ্গির এনকাউন্টার করল ভারতীয় সেনা

Published:

Kulgam Encounter

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বড় সাফল্য ভারতীয় সেনার। নিরাপত্তা বাহিনীর সাথে দীর্ঘক্ষণের গুলির লড়াইয়ে শেষ পর্যন্ত প্রাণ গেল দুই পাক লস্কর জঙ্গির। নিহতদের মধ্যে রয়েছে সংগঠনের শীর্ষ কমান্ডার তথা ২২ বছর বয়সি লতিফ ভাট। কুলগামে নিরাপত্তা বাহিনীর উপর সাম্প্রতিক হামলার ঘটনায় তাঁর যুক্ত থাকার অভিযোগ ছিল। আর সেই ঘটনার পর এবার ওই সন্ত্রাসীকে খুঁজে মারল ভারতীয় সেনা জাওয়ানরা।

সন্ত্রাসী নিধনে বড় সাফল্য ভারতের

ANI এর রিপোর্ট অনুযায়ী, গত 11 নভেম্বর, জম্মু ও কাশ্মীরের কুলগামের আখরান এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় বাইকে আসা সশস্ত্র জঙ্গিরা। যেই ঘটনায় গুরুতরভাবে আহত হন CRPF এর তিনজন জওয়ান। আর তারপরেই গোটা কুলগামজুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। তদন্তে উঠে আসে লতিফ ভাটের নাম। এরপর সোমবার কুলগামের একটি এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় নিরাপত্তা বাহিনী।

জানা গিয়েছে, এদিন সূত্র মারফত সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেতেই তড়িঘড়ি ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলার পর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। পাল্টা গুলি চালান জওয়ানরাও। দীর্ঘ গুলির লড়াইয়ে শেষ পর্যন্ত ওই এনকাউন্টারে নিহত হয় লতিফ ভাট সহ দু’জন জঙ্গি, এমনটাই সূত্র মারফত খবর।

আরও পড়ুন: ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ কবে? জানুন শিডিউল, মাঠে নামবেন রোহিত-বিরাট?

প্রসঙ্গত, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী কুলগামের বাসিন্দা লতিফ ভাট দক্ষিণ কাশ্মীরে সক্রিয় ছিল এবং এর আগেও একাধিক হামলার সঙ্গে নাম জড়িয়েছিল তার। জুলাইয়ে অনন্তনাগে এক পুলিশকর্মীকে হত্যার পাশাপাশি কুলগামে শ্রমিকদের উপর হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল এই লতিফের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত 11 নভেম্বরের হামলার পরিপ্রেক্ষিতে তল্লাশি চালিয়ে সেই লতিফকে নিকেশ করলো ভারতীয় সেনা।

google button