প্রীতি পোদ্দার, কলকাতা: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, আর তাতেই নানুরে এনকাউন্টারে (Nanoor Encounter) খতম হয়েছিলেন কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। এদিকে তাঁর এই মৃত্যুর খবর জানাজানি হতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এমনকি রতনের এমন পরিণতি (Ratan Sheikh Encounter) কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর দাদা-বৌদি। তাঁদের দাবি, ওর হাত-পা ভেঙে জেলে রেখে দিতে পারত, কেন এনকাউন্টার করা হল?
পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল রতন
দুষ্কৃতী হিসেবে নানুরে কুখ্যাতি ছিল রতন শেখের। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদকপাচারের মতো বেশ কিছু মামলা ছিল তাঁর বিরুদ্ধে। মাস কয়েক আগে একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল রতনকে। গত শুক্রবার জামিনে ছাড়া পান তিনি। তার পর আরও একটি মামলায় আবার তাঁকে ধরতে যায় পুলিশ। তখনই গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। আর সেই গুলি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। ৪৮ ঘণ্টা পর নানুরে রতনের খোঁজ মেলে। এদিকে রতন যে বন্দুক থেকে গুলি চালিয়েছিল, সেই বন্দুকের খোঁজ নেওয়ার জন্যই ঘটনাস্থলে রতনকে পুলিশ সঙ্গে করে নিয়ে যায়। তারপর সেখানে লুকানো বন্দুক বার করে পুলিশকে লক্ষ্য করে ফের গুলি করার চেষ্টা করে রতন।
এনকাউন্টার নিয়ে ক্ষুব্ধ বৌদি চম্পা
পুলিশ আত্মরক্ষার্থে রতনের উদ্দেশ্যে পাল্টা গুলি চালালে তাতেই মৃত্যু হয় তাঁর। সাঁওতা গ্রামে রতনের পরিবারে দাদা সালাম শেখ এবং বৌদি চম্পা বিবি থাকেন। ‘এনকাউন্টারের’ পর সেখানেই পুলিশের ফোন এসেছিল। দাদা ভাইয়ের দেহ শনাক্ত করেছেন। এদিকে দেওরের এনকাউন্টার নিয়ে বৌদি চম্পা জানিয়েছেন, ‘‘অনেক দিন আগেই ও চলে গিয়েছিল। গ্রামে আসত না। তবে আমরা ছাড়া আর কেউ তো নেই। এই খবর শুনে খারাপ লাগছে। ওর সাজা হতে পারত। পুলিশ ওকে ধরে জেলে ভরে রেখে দিতে পারত। হাত ভেঙে দিয়ে পা ভেঙে দিয়ে রেখে দিতে পারত। জীবনটাই তো চলে গেল!’’
আরও পড়ুন: সপ্তম বেতন কমিশনে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি! কেন্দ্রের মতোই বেতন রাজ্যের কর্মীদের?
রতনের বৌদি এদিন আরও বলেন যে, ‘‘আমরা চেয়েছিলাম ওকে যেন আর না বার করে। জেলেই যেন থাকে। কিন্তু মৃত্যুটা আমরা কেউ চাইনি। ওর স্ত্রী ছিল। দুই ছেলেও আছে। কিন্তু সন্তানদের নিয়ে সংসার ছেড়ে চলে যান রতনের স্ত্রী। তার পর থেকেই দেওর ‘অন্য রকম’ হয়ে গিয়েছিল। জমি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছিল।” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রতনের এনকাউন্টার কোনভাবেই মেনে নিতে পারেনি পরিবার। সবমিলিয়ে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পঞ্চম বার ‘এনকাউন্টারের’ ঘটনা ঘটল। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জে অভিযুক্তদের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।










