সাসপেন্ড হল ঋতব্রত তৃণমূলের এক্স অ্যাকাউন্ট, মমতা শিবিরের দিকেই অভিযোগের আঙুল

Published:

Ritabrata Trinamool

সৌভিক মুখার্জী, কলকাতা: সাসপেন্ড হয়ে গেল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ঋতব্রতপন্থী তৃণমূলের (Ritabrata Trinamool) এক্স অ্যাকাউন্ট। সকাল থেকেই ওই অ্যাকাউন্টটি খুললে একটি মেসেজ শো হচ্ছে—’অ্যাকাউন্ট সাসপেন্ডেড’। পাশাপাশি নিচে স্পষ্টভাবে লেখা, যে অ্যাকাউন্টগুলি এক্সের নিয়মবিধি মেনে চলে না, সেগুলিকে সাসপেন্ড করে দেওয়া হয়। এদিকে এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড নিয়ে ইতিমধ্যেই মমতা শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ঋতব্রত শিবির। তবে সেই অভিযোগ অস্বীকার মমতাপন্থী তৃণমূলের।

সাসপেন্ড হয়ে গেল ঋতব্রতপন্থী তৃণমূলের এক্স অ্যাকাউন্ট

২৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দল ভেঙে দুই ভাগে বিভক্ত হয়। একদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৈরি করে নতুন তৃণমূল। অন্যদিকে বাকি কয়েকজন পড়ে থাকেন মমতার কালীঘাটে। তবে গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফ থেকে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক দুটোই ফ্রিজ করে দেওয়া হয়। সেক্ষেত্রে উপনির্বাচনে লড়ার জন্য মমতাপন্থী তৃণমূলের নাম হয় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রতপন্থীর নাম হয় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে মমতা শিবিরের প্রতীক হিসাবে ফুটবল পায়ে খেলোয়াড়ের ছবিকেই নির্ধারণ করে কমিশন। পাশাপাশি ঋতব্রতপন্থীর প্রতীক হয় খাম। তবে যেহেতু দুইটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, তাই দুই শিবিরই আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করতে শুরু করে। পুরনো এক্স হ্যান্ডেলটি মমতাপন্থী তৃণমূলের কাছেই থাকে এবং ঋতব্রত তৃণমূল নতুন ইউজারনেম ব্যবহার করে অন্য একটি এক্স হ্যান্ডেল চালু করে। আর সোমবার সকালে সেই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গিয়েছে বলেই দেখা যায়। তবে এর পিছনে মমতা শিবিরেরই হাত রয়েছে বলে দাবি করেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত।

আরও পড়ুন: ৪ ডিসেম্বর বিয়ে, মোদিকে কার্ড দিয়ে নিমন্ত্রণ রিঙ্কু সিংয়ের, চাইলেন আশীর্বাদও

তিনি জানিয়েছেন, “যেহেতু নাম এবং প্রতীক নিয়ে এখনও পর্যন্ত কোনও নিষ্পত্তি হয়নি, তাই কালীঘাট শিবির রিপোর্ট মেরে আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিয়েছে। যাবতীয় তথ্য দিয়ে আমাদের অ্যাকাউন্টটি যাতে আবার পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা চলছে। আশা করছি, বিষয়টি দ্রুত মিটে যাবে।” অন্যদিকে পাল্টা কালীঘাট শিবিরের বিধায়ক আলিফা আহমেদ জানিয়েছেন, “ওরা তো বিজেপি পরিচালিত সরকারের বি টিম। আমরা এই ধরনের কাজ করেছি কিনা তা রাজ্য সরকারের পুলিশ দিয়ে তদন্ত করে দেখতে বলুন। ওদের আমরাই প্রকৃত বিরোধী। আমরাই সব জায়গায় লড়াই করেছি সমাজমাধ্যম থেকে সর্বত্র।”

google button