জঙ্গলমহলে চালু হচ্ছে জোড়া রোপওয়ে, অযোধ্যা পাহাড় ও মুকুটমণিপুর নিয়ে বড় প্ল্যান রাজ্যের

Published:

Jangalmahal Ropeway

প্রীতি পোদ্দার, কলকাতা: পর্যটন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও উন্নত করতে জঙ্গলমহলের জন্য নিয়ে আসা হল এক বিশেষ ব্যবস্থা। প্রায় ১০ বছরের খরা কাটিয়ে জোড়া রোপওয়ে (Jangalmahal Ropeway) প্রকল্প চালু করতে চলেছে বিজেপি সরকার। শুধু তাই নয়, পর্যটকদের আরও চমক দিতে রোপওয়ের জানালা দিয়ে দেখা যাবে অযোধ্যা পাহাড় এবং মুকুটমণিপুরের নীল জলরাশি (Purulia Ropeway Project)। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে সেখানকার সাধারণ মানুষের মধ্যে।

জঙ্গলমহলে রোপওয়ে প্রকল্প!

কিছুদিন আগে পাহাড়ের যোগাযোগ ও পর্যটন ব্যবস্থার উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির অনুমোদনও দিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, পাহাড়ের যানজট কমানো এবং পর্যটকদের বিনোদনে নয়া আকর্ষণ গড়ে তোলা। এমতাবস্থায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পর্যটন ব্যবস্থাও উন্নত করতে নেওয়া হল বিশেষ ব্যবস্থা। তৃণমূল সরকারের আমলে প্রায় ১০ বছর ধরে আটকে থাকার পর জঙ্গলমহলের রোপওয়ে প্রকল্পের জট খুলল নয়া বিজেপি সরকার।

DPR-এ জমা পড়েছে রিপোর্ট

সূত্রের খবর, জঙ্গলমহলে জোড়া রোপওয়ে প্রকল্পের জন্য রাজ্যের পর্যটন বিভাগের তরফে ইতিমধ্যেই আরআইটিইএস নামে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও দক্ষিণ বাঁকুড়ার মুকুটমণিপুর এলাকা ঘুরে সমীক্ষা করে ফেলেছে। এবং সেই রিপোর্ট DPR-এ জমা করেছে। এখন সেই প্রজেক্ট রিপোর্ট ভালোভাবে পর্যবেক্ষণ করার পরই কাজের প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সেই রিপোর্টে সিরকাবাদের সমতল এলাকা থেকে প্রায় সাত কিমি পাকদণ্ডী পথের উপর দিয়ে একেবারে মার্বেল লেক পর্যন্ত রোপওয়ে হওয়ার প্রস্তাব আছে।

আরও পড়ুন: কুলির কাজ ও জমি বিক্রি করে ছেলেদের পড়ান বাবা! NEET, JEE-তে বাজিমাত দুই ভাইয়ের

এছাড়াও মুকুটমণিপুরে পরেশনাথ মন্দির থেকে জলাধারের ওপারে গোপালপুর পর্যন্ত রোপওয়ে হওয়ার প্রস্তাব রয়েছে। ইতিমধ্যেই দুটি জেলারই রোপওয়ের দৈর্ঘ্য, প্রকল্প ব্যয় ও নির্মাণের সময়সীমা ধরা হয়েছে। সেক্ষেত্রে একসঙ্গে কত পর্যটক চড়তে পারবেন, গন্তব্যে পৌঁছতে সময় কত লাগবে সবই তুলে ধরা হয়েছে রিপোর্টে। এখন শুধু অপেক্ষা সবুজ সংকেতের। এদিকে রোপওয়ে প্রকল্প চালু করার খবর প্রকাশ্যে আসতেই ওই এলাকার হোটেল ব্যবসায়ীদের সংগঠনও বেশ খুশি। এতে বছর বছর আরও পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তাঁরা।

কী বলছেন ব্যবসায়ীরা?

পুরুলিয়ার হোটেল অ্যান্ড লজ অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা মোহিত লাটা জানিয়েছেন, “আমরা কতদিন ধরে অযোধ্যা পাহাড়ে রোপওয়ের কথা শুনে আসছি। কিন্তু তা আর চোখে দেখিনি। তবে এবার নতুন সরকারের উদ্যোগে রোপওয়ে হলে এই পাহাড়ে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। দার্জিলিংকে টেক্কা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। দেশের পর্যটনে পুরুলিয়া এখন ট্রেন্ডিং।” এখন দেখার বিজেপি সরকারের এই নয়া উদ্যোগ পর্যটন শিল্পে কতটা পরিবর্তন আনে।

google button