অনন্যা সরকার, বিহার: অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের জোরে মানুষ অসাধ্যসাধন করতে পারে। যেমন বিহারের গয়ার বাসিন্দা শ্রমিক মনোজ কুমারের স্বপ্ন পূরণ হয়েছে, তাঁর দুই ছেলে যথাক্রমে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় সফল হয়েছেন (Success Story of Gaya brother Sonu and Monu Raj)। গয়া মান্ডিতে কুলি হিসেবে কাজ করা এবং অবসর সময়ে মনরেগা (MGNREGA) প্রকল্পের অধীনে শ্রমিকের কাজ করা মনোজ কুমারের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও সন্তানদের শিক্ষার প্রতি অটল বিশ্বাস অবশেষে সাফল্যের মুখ দেখিয়েছে।
দুই সন্তান পেলেন JEE Main এবং NEET-এ সাফল্য
মনোজ কুমার ও রেশমি দেবীর ছেলে সোনু রাজ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিট (NEET)-এ ৬৩৬ নম্বর পেয়ে দিল্লির ময়দান গড়িতে অবস্থিত ‘সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস’ (CAPFIMS)-এ এমবিবিএস (MBBS) পড়ার সুযোগ পেয়েছেন। তিনি প্রথম প্রচেষ্টাতেই এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সোনু রাজ ৮৮ শতাংশ নম্বর পেয়েছিলেন।
অন্যদিকে, তাঁর দাদা মনু রাজ জেইই মেইন (JEE Main)-এ ৯৩ পার্সেন্টাইল অর্জন করে রাঁচির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেসরা-তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ পেয়েছেন। তিনি দশম শ্রেণিতে ৯৬ শতাংশ ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৮৪.৫ শতাংশ নম্বর পেয়েছিলেন।
আরও পড়ুন: লটারিতে প্রথম পুরস্কার জিতে রাতারাতি কোটিপতি ময়নাগুড়ির দরিদ্র প্লাইউড শ্রমিক
দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সোনু কোচিংয়ের জন্য কোটায় যান। আর তাঁর সাথেই মনু ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য এক বছরের গ্যাপ ইয়ার নিয়ে কোটায় পৌঁছান। দুই ভাই একসঙ্গে থেকে ব্যক্তিগত কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। সোনু জানিয়েছেন, তাঁদের অর্থনৈতিক দিক বিবেচনা করে নিট প্রস্তুতির জন্য কোচিং সেন্টারটি ফি-এর ওপর ৬০ শতাংশ ছাড় দিয়েছিল। তবে, দুই ভাইয়ের শিক্ষা লাভের পথটি সহজ ছিল না। নতুন পরিবেশ ও জলবায়ুর কারণে মনু টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হন। প্রায় তিন মাস ধরে জ্বরের সঙ্গে লড়াই করা সত্ত্বেও, তিনি পড়াশোনার প্রতি কখনও অবহেলা করেননি এবং নিয়মিত কোচিং ক্লাসে উপস্থিত থেকেছেন।
ছেলেদের কোটায় পাঠানোর খরচ জোগাতে মনোজ কুমার তাঁর দুটি জমির মধ্যে একটি বিক্রি করে দেন। তিনি মান্ডিতে কুলি হিসেবে কাজ করে এবং কৃষিপণ্য বিক্রিতে সহায়তা করে কমিশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আর যখন এই ধরনের কাজ থাকে না, তখন তিনি মনরেগা (MGNREGA) প্রকল্পের অধীনে শ্রমিকের কাজও করেন।
দুই পরীক্ষায় সাফল্য অর্জনের পর, দুই ভাই জানান যে তাঁরা তাঁদের বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করে গেছেন এবং ভবিষ্যতেও তাই করবেন। তাঁদের এখন লক্ষ্য হলো পরিবার ও সমাজের কল্যাণে অর্থপূর্ণ অবদান রাখা। মনু ও সোনুর ছোট ভাই পবন রাজ বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ছে। গয়ার দুই ভাইয়ের এই সংগ্রামের গল্পটি পরিশ্রম, অধ্যবসায় এবং পারিবারিক সমর্থনের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে, সীমিত অর্থ থাকলেও, কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে বড় সাফল্য অর্জন করা সম্ভব।










