সহেলি মিত্র, কলকাতা: অনেক তো হল পাহাড়, সমুদ্র, এই শীতে কি একটু রহস্যময় জায়গায় যাবেন নাকি? যেখানে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অসংখ্য গল্প, রয়েছে এক অজানা ইতিহাস? তাহলে অবশ্যই ঘুরে আসতে হবে রাকাব জঙ্গল (Rakab Forest) থেকে। যারা পুরুলিয়া ঘুরতে গিয়ে একটু অন্য জায়গার খোঁজ করেন তাঁদের কাছে এই রাকাব জঙ্গল আলাদাই ভালো লাগার কাজ করবে।
এই শীতে ঘুরে আসুন রহস্যময় ‘রাকাব জঙ্গল’ থেকে
আজ কথা পুরুলিয়া শহর থেকে ৩৪-৩৫ কিমি দূরে পশ্চিমবঙ্গের কেশরগড় গ্রাম এবং রাকাব ফরেস্ট সম্পর্কে। কেশরগড়, একটি সুন্দর, সবুজ গ্রাম। কিন্তু এটি কেবল তাই সীমাবদ্ধ নয়। এখানে অনেক আকর্ষণ এবং ইতিহাস আছে যা আপনাকে মুগ্ধ করবেই। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলের রাকাব জঙ্গলে অবস্থিত রয়েছে ‘রাকাব বুড়ি’ এক ঐতিহাসিক ও স্থানীয়ভাবে পূজিত জাগ্রত দেবী। কথিত আছে, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ও জঙ্গলমহলের আদিবাসী সংগ্রামের স্মৃতি এবং কেশরগড়ের মহারাজার ব্রিটিশবিরোধী লড়াইয়ের সঙ্গে এই স্থানের নাম ও লোকগাথা গভীরভাবে জড়িয়ে রয়েছে।
রাকাব বুড়ি ও রাকাব বনের ইতিহাস
অবস্থান পুরুলিয়া শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে হুড়া ব্লকের কেশরগড় এলাকায় রাকাব জঙ্গল অবস্থিত। অতীতে এই বন ‘ষোলো ক্রোশের বন’ নামে পরিচিত ছিল। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় জঙ্গলমহলের মানভূমের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, তৎকালীন মহারাজা নীলমণি সিংদেও ব্রিটিশদের বিরুদ্ধে যে গোপন প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তার সঙ্গে রাকাব বনের গভীর যোগাযোগ ছিল। রাকাব থেকে কেশরগড় যাওয়ার পথে বনের ভেতরে রাকাব বুড়ির স্থান বা থান রয়েছে। স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষ এই দেবীকে পরম শ্রদ্ধার সঙ্গে পুজো করেন।
আরও পড়ুন: গভীর জঙ্গলের ভেতরে রয়েছে গা ছমছমে জনপ্রপাত, শীতে পিকনিক করতে যাবেন নাকি?
বিশ্বাস করা হয়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে এই জঙ্গল ও বনদেবী রাকাব বুড়ি এখানকার লড়াইয়ের এক নীরব সাক্ষী ছিলেন। এই জঙ্গলের ভেতরে ও কাছাকাছি সাধু সন্ন্যাসীদের বেশ কিসহ আশ্রম রয়েছে। প্রতি বছর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় এখানে বিশেষ উৎসব ও পুজো হয়।
কীভাবে যাবেন?
এবার জেনে নেওয়া যাক রাকাব জঙ্গল কীভাবে যাবেন? কেশরগড় যাওয়ার কোনও সরাসরি ট্রেন নেই। এর জন্য আগে আপনাকে পুরুলিয়া স্টেশনে পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে এই রাকাব জঙ্গল বা কেশরগড় আসতে হবে।










