আনিষা চৌধুরী, কলকাতা: শীত (Winter) পড়তেই অনেকের হাঁচি, কাশি আর সর্দির সমস্যা শুরু হয়ে যায়। কখনও অনবরত হাঁচি, কখনও নাক দিয়ে জল পড়া, আবার কখনও কাশতে কাশতে নাজেহাল হয়ে পড়েন মানুষ। আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি শীতের শুরুটাও অনেকের কাছে বেশ কঠিন হয়ে ওঠে। আপনিও কি প্রতি বছর এই একই সমস্যায় ভোগেন? তাহলে রোজের খাদ্যতালিকায় রাখতে পারেন এমন পাঁচটি পরিচিত খাবার, যা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।
সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়ার ৫টি উপায়
১. আমলকি:
শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন একটি ছোট আমলকি কাঁচা চিবিয়ে খেতে পারেন। চাইলে আমলকির রসও পান করতে পারেন।
২. আদা:
শীতের দিনে আদা শরীরের জন্য বেশ উপকারী। আদায় জিঞ্জেরল-সহ বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে। বিশেষ করে গলা জ্বালা বা গলা খুসখুস করলে আদা দেওয়া উষ্ণ পানীয় আরাম দিতে পারে। চাইলে প্রতিদিন চায়ের সঙ্গেও সামান্য আদা মিশিয়ে খেতে পারেন।
৩. কমলালেবু:
শীতকাল মানেই বাজারে কমলালেবুর সম্ভার। এই ফলটি শুধু সুস্বাদু নয়, বরং ভিটামিন সি-রও একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। শরীরে কোলাজেন তৈরি, কোষের সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজকর্মে ভিটামিন সি সাহায্য করে। তাই প্রতিদিন একটি কমলালেবু খাদ্যতালিকায় রাখতে পারেন।
৪. রসুন:
রান্নাঘরের এই পরিচিত উপাদানটিরও বেশ কিছু বিশেষ গুণ বর্তমান। রসুনে অ্যালিসিন নামের একটি সালফারজাতীয় উপাদান থাকে। এটি নিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের গবেষণা হয়েছে। প্রতিদিন রান্নায় পরিমিত পরিমাণে রসুন ব্যবহার করতে পারেন, উপকার পাবেন।
৫. টক দই:
শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে অন্ত্রের স্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পেট ভালো থাকলে তবেই তো শরীর ভালো থাকবে। টক দইয়ে থাকা জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। প্রতিদিন দুপুরের খাবারের সঙ্গে এক বাটি সাধারণ টক দই খেতে পারেন।
শীতকালে সর্দি-কাশির সমস্যা থেকে সুস্থ থাকতে শুধু খাবারের উপর নির্ভর করলেই চলবে না। প্রতিদিন পর্যাপ্ত জল পান, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় টিকাকরণ ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে সতর্ক থাকাও জরুরি। বারবার সর্দি-কাশি হলে বা দীর্ঘদিন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।










