প্রীতি পোদ্দার, কলকাতা: মোবাইলে থানার ছবি তোলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। আর তাদের ছাড়তে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল বীরভূমের তারাপীঠ থানার (Tarapith Police) বিরুদ্ধে। তবে হল না শেষ রক্ষা। রীতিমতো ফাঁদ পেতে পুলিশের ঘুষ (Tarapith Police Bribe Case) নেওয়া হাতে-নাতে ধরল বিজেপি নেতা-কর্মীরা। থানার মধ্যেই শুরু হল মহাবিক্ষোভ।
৩৫ হাজার টাকা ঘুষের দাবি পুলিশের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত শনিবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তারাপীঠ গিয়েছিলেন রামপুরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিন্টু দাস। এদিকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় থানার সামনে দাঁড়িয়ে ভিডিও কলে মাকে নিজের অবস্থান দেখাচ্ছিলেন তিনি। আর তাতেই শুরু হল গণ্ডগোল। অভিযোগ, মোবাইলে থানার ছবি তোলার কারণে তিনজনকে আটক করে পুলিশ। খবর যায় রিন্টুর বাড়িতে, ছেলের অবস্থা দেখে রাতেই থানায় পৌঁছন রিন্টুর মা বুড়ি দাস। তাঁর দাবি, ছেলেদের ছাড়ার জন্য পুলিশ ৩৫ হাজার টাকা দাবি করেছিল। পরে সেটি ১০ হাজার টাকায় রফা হয়।
হাতে নাতে উদ্ধার করে বিজেপি কর্মীরা
পুলিশের এই টাকা নেওয়ার বিষয়টি রিন্টুর মা, বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলকে জানিয়েছিল। এরপর গতকাল, রবিবার দুপুরে টাকার নম্বর লিখে সেই টাকা দয়া শেখ নামে এক সিভিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপরেই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। আর এই গোটা বিষয়টি থানার থেকে একটু দূরে দাঁড়িয়ে নজর রাখছিলেন বিজেপি নেতা কর্মীরা। তিন যুবককে যখন ছাড়া পেল তারপরেই থানায় ঢুকে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। হাতে নাতে সিভিকের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা। ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: জঙ্গলমহলে চালু হচ্ছে জোড়া রোপওয়ে, অযোধ্যা পাহাড় ও মুকুটমণিপুর নিয়ে বড় প্ল্যান রাজ্যের
বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল জানিয়েছেন, “তারাপীঠ থানার পুলিশের ঘুষ নেওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। তৃণমূল আমলের অভ্যাস বদলাতে পারেনি। এর সঙ্গে কয়েকজন পুলিশ অফিসার যুক্ত রয়েছেন। তাদের পরিচয় আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে আমরা দলগতভাবে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাব।” তবে এই ঘটনায় পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিন্টুর মা জানিয়েছেন, “টাকার জন্য ওরা ছেলেকে মারধর করেছে। সারা রাত ছেলের চিন্তায় আমাদের ঘুম হয়নি। শান্তনু মণ্ডল আমাদের সাহায্য করেছেন।”










