চারবার UPSC উত্তীর্ণ! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে আজ IAS ইরা

Published:

UPSC Success Story of IAS Ira Singhal

অনন্যা সরকার, কলকাতা: সঠিক পথে কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছানো যায়। এই  কথাটি অনেকেই নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন। প্রতি বছর ইউপিএসসি (UPSC) পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ প্রার্থীর মধ্যে হাতে গোনা কয়েকজনই সফল হন, আর তাদের মধ্যে কেউ কেউ অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। ভারতের প্রথম শারীরিক প্রতিবন্ধী নারী হিসেবে আইএএস (IAS) অফিসার হওয়া ইরা সিংঘালের জীবনকাহিনীও বহু মানুষের কাছে অনেক বড় অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত (UPSC Success Story)। তিনি চারবার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অসামান্য সাহস ও ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ইরার ঐতিহাসিক সাফল্য

ইরা সিংঘালের জন্ম উত্তরপ্রদেশের মিরাটে। তবে,  পরবর্তীতে তাঁর পরিবার দিল্লিতে স্থায়ীভাবে চলে আসে। ছোটবেলা থেকেই ইরা অত্যন্ত মেধাবী ছিলেন। তবে, শৈশব থেকেই স্কোলিওসিস (Scoliosis) নামের এক দীর্ঘস্থায়ী মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত তিনি। তবে ইরার এই শারীরিক প্রতিবন্ধকতা কখনো জীবনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি দিল্লির নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (FMS) থেকে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন। 

শৈশবে একবার মিরাটে কারফিউ জারি করা হয়। সে সময় ইরা প্রায়শই রেডিও ও টেলিভিশনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের (DM) দেওয়া নির্দেশগুলো শুনতেন। এই সময় তাঁর মনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন জাগে। এমনকি তিনি একসময় ডাক্তার হওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু তাঁর বাবা তাঁকে বোঝান যে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে হয়তো মানুষ তাঁর কাছ থেকে সেবা নিতে দ্বিধাবোধ করতে পারে। তিনি অবশেষে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS)-এ যোগদান করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ৩২৫ টাকা করে অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে সরকার, মাত্র ৬৪২ টাকায় মিলছে এলপিজি সিলিন্ডার

বেসরকারি কোম্পানিতে কিছুদিন কাজ করার পর, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ২০১০ সালে ইরা তাঁর চাকরি ছেড়ে দেন। প্রথম প্রচেষ্টাতেই তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (IRS)-এর জন্য নির্বাচিত হন, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাঁকে সেই পদে নিযুক্ত করা হয়নি। কিন্তু হাল ছেড়ে দেননি ইরা। তিনি বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন। আইনি লড়াই চলাকালীন তিনি আরও দুবার সফলভাবে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

শেষ পর্যন্ত, ইরা কেবল আইনি লড়াইয়ে জয়ীই হননি, তারসাথে ২০১৪ সালে সাধারণ বিভাগে শীর্ষস্থান (All India Rank 1) অর্জন করে আইএএস (IAS) অফিসার হিসেবে নিযুক্ত হন। আইএএস অফিসার পদে নির্বাচিত হওয়া ভারতের প্রথম শারীরিক প্রতিবন্ধী নারী হিসেবে ইরা সিংঘালের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়। তার জীবন সংগ্রাম ও সাফল্য প্রমাণ করে যে, সাহস ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

google button