বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত হলেন জয় শাহ (Jay Shah)। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকে পরিচালকদের প্রস্তাবের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, জয় শাহের নেতৃত্বের উপর আস্থা রেখেই তাঁকে দ্বিতীয়বারের জন্য গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে। ICC-র দাবি, ক্রিকেটের বিশ্বব্যাপী সম্প্রসারণ থেকে শুরু করে দর্শক সংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নজরে রেখেই জয় শাহের মেয়াদ বৃদ্ধি করা হলো।
দ্বিতীয়বারের জন্য ICC-র চেয়ারম্যান নিযুক্ত হলেন জয় শাহ
এমনিতেও জল্পনা বেড়েছিল, দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে দায়িত্বের মেয়াদ বাড়তে পারে জয় শাহের। সেই মতোই, এবার বিশ্ব ক্রিকেট সংস্থার উন্নতির দিকে নজর রেখেই বাড়ানো হলো জয় শাহের মেয়াদ। আর নতুন করে মেয়াদ বৃদ্ধির পরই এ নিয়ে জয় শাহ জানালেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড তাঁর উপর যে আস্থা রেখেছে এর জন্য তিনি কৃতজ্ঞ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে, ক্রিকেট কাউন্সিলের উন্নয়ন এবং সদস্য দেশগুলির সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ICC চেয়ারম্যান আরও বলেন, ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সময় আসছে। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শক ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের কাছে ক্রিকেট পৌঁছে দেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। একই সাথে সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়, দর্শক, বাণিজ্যিক অংশীদার সহ ক্রিকেটের সাথে যুক্ত সমস্ত পক্ষের শক্তিশালী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন জয়।
আরও পড়ুন: ৪ ডিসেম্বর বিয়ে, মোদিকে কার্ড দিয়ে নিমন্ত্রণ রিঙ্কু সিংয়ের, চাইলেন আশীর্বাদও
উল্লেখ্য, প্রথমবারের মতো 2024 সালের, পহেলা ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন জয় শাহ। বিশ্ব ক্রিকেট সংস্থার দায়িত্ব পালনের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জয় শাহ।










