দ্রুত বাস্তবায়ন হবে স্যালারি অ্যাডভান্স স্কিম, প্রি-বিড বৈঠকের বিজ্ঞপ্তি জারি নবান্নের

Published:

Salary Advance Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের কর্মচারীদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম (Salary Advance Scheme) চালু করার কথা ঘোষণা করেছে নবান্ন। দু’ভাবে মিলবে এই স্কিমের অগ্রিম সহায়তা। তবে এবার সেই স্কিম দ্রুত কার্যকর করার লক্ষ্যে আরও একধাপ এগোল নবান্ন। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সার্ভিস প্রোভাইডার বা পরিষেবা প্রদানকারী সংস্থা নির্বাচনের উদ্দেশ্যে একটি প্রি-বিড মিটিংয়ের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফ থেকে। এমনকি সেখানে মিটিংয়ের সময়সূচি, স্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।

অ্যাডভান্স স্যালারি স্কিম চালু নিয়ে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

গত ১৩ নভেম্বর অর্থ দফতরের তরফ থেকে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। সেখানে বিশেষ সচিব হরসিমরান সিংয়ের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিটির নম্বর ৪০৪৯-এফ(e-Gov)। উল্লেখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ নভেম্বর প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের ভিত্তিতে আগ্রহী সংস্থাগুলির সঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর বিকাল ৩:৩০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে।

এদিকে এই সভার ঠিকানা হিসেবে নবান্নের কনফারেন্স রুমকে উল্লেখ করা হয়েছে। স্থান: কনফারেন্স রুম (রুম নম্বর ১২০২), ১২ তলা, নবান্ন, শিবপুর, হাওড়া – ৭১১১০২। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রতিটি দরদাতা সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ দু’জন করে প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন বলেই জানা গিয়েছে। পাশাপাশি বৈঠকে যোগদানে ইচ্ছুক সংস্থাগুলিকে তাদের প্রতিনিধির নাম ১৭ নভেম্বরের মধ্যেই পাঠাতে হবে। সেক্ষেত্রে একটি ইমেল দেওয়া রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ইমেল আইডিটি হল: wbsalaryadvancescheme@gmail.com। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে স্যালারি অ্যাডভান্স স্কিম বাস্তবায়নের প্রক্রিয়া আরও গতি পাবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: সাসপেন্ড হল ঋতব্রত তৃণমূলের এক্স অ্যাকাউন্ট, মমতা শিবিরের দিকেই অভিযোগের আঙুল

বলে রাখি, আচমকা কোনও প্রয়োজন পড়লে এই স্যালারি অ্যাডভান্স স্কিমের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া যাবে। যে মাসে টাকা নেওয়া হবে, সেই মাসে নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। আর সর্বোচ্চ ৬০ দিনের মধ্যেই তা পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী অগ্রিমের ক্ষেত্রে ২ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ মাসের অগ্রিম টাকা নেওয়া যাবে। সেক্ষেত্রে বড় ধরনের পারিবারিক খরচ, চিকিৎসার খরচ সামলানো যাবে এই অগ্রিম টাকা দিয়ে। তবে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই সেই টাকা মেটাতে হবে বলে জানিয়েছে নবান্ন।

google button